কাতালোনিয়ায় স্বাধীনতার পক্ষে ভোট: মানতে নারাজ স্পেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গণভোটের ফল ঘোষণা করছেন কাতালোনিয়ার নেতা কার্লোস পুজডেমন্ড। ছবি: রয়টার্স
গণভোটের ফল ঘোষণা করছেন কাতালোনিয়ার নেতা কার্লোস পুজডেমন্ড। ছবি: রয়টার্স

সহিংস গণভোটের পর কাতালোনিয়া স্বাধীন হওয়ার অধিকার অর্জন করেছে বলে মন্তব্য করেছেন সেখানকার নেতা কার্লোস পুজডেমন্ড। তিনি বলেন, স্বাধীনতা ঘোষণার দরজা খুলে গেছে।

গতকাল রোববার অনুষ্ঠিত গণভোটে ৪২ দশমিক ৩ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়ে কাতালান কর্মকর্তারা বলেন, ৯০ শতাংশ ভোট পড়েছে স্বাধীনতার পক্ষে।

বিবিসির খবরে জানা যায়, স্পেনের সাংবিধানিক আদালত এই ভোট অবৈধ বলছেন। গতকাল পুলিশ ভোট বন্ধ করার চেষ্টা করলে সহিংসতায় শতাধিক আহত হয়। ভোটকেন্দ্র থেকে ব্যালট পেপার এবং ভোটবাক্স জব্দ করে পুলিশ কর্মকর্তারা।

গণভোটে সহিংসতায় আহত হয় অনেকে। ছবি: রয়টার্স
গণভোটে সহিংসতায় আহত হয় অনেকে। ছবি: রয়টার্স

টেলিভিশনে দেওয়া এক ভাষণে পুজডেমন্ড বলেন, এই ভোটের মাধ্যমে কাতালোনিয়ার নাগরিকেরা প্রজাতন্ত্রের আদলে স্বাধীন দেশ গড়ার অধিকার অর্জন করেছে। আগামী কয়েক দিনের মধ্যে কাতালান পার্লামেন্টকে নির্বাচনের ফলাফল পাঠানো হবে।

ভোটাধিকার ও স্বাধীনতা লঙ্ঘনের প্রতিবাদে কাতালানের ৪০ টিরও বেশি বাণিজ্যিক সংস্থা আগামী মঙ্গলবার হরতাল ডেকেছে।

কাতালোনিয়ায় স্বাধীনতার পক্ষে  ৯০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন সেখানকার নেতা। ছবি: এএফপি
কাতালোনিয়ায় স্বাধীনতার পক্ষে ৯০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন সেখানকার নেতা। ছবি: এএফপি

স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাহই বলেন, অবৈধ ভোটে অংশ নিয়ে কাতালানরা বোকামি করেছে। তিনি এটিকে গণতন্ত্রের তামাশা বলে অভিহিত করেন। কাতালানে কোনো গণভোট হয়নি বলে তিনি মন্তব্য করেন।