কারাগারে পাঠানো হয়েছে সালাহকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্যারিসে গত বছরের ভয়াবহ সন্ত্রাসী হামলায় জড়িত বলে অন্যতম সন্দেহভাজন সালাহ আবদেসালামকে গতকাল শনিবার বেলজিয়ামের হাসপাতাল থেকে কড়া নিরাপত্তায় কারাগারে নেওয়া হয়েছে। সেখানে তাঁকে ওই হামলা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস থেকে শুক্রবার আবদেসালামকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় পুলিশের ছোড়া গুলিতে আহত হন তিনি। এ সময় মনির আহমেদ আলাজ নামের আরও এক সন্দেহভাজন হামলাকারীকে আহত অবস্থায় গ্রেপ্তার করা হয়। এ ছাড়া আবদেসালামকে আশ্রয় দেওয়া পরিবারটির তিনজন সদস্যকেও গ্রেপ্তার করা হয়েছে।
প্রতিবেশী ফ্রান্স আবদেসালামকে বেলজিয়াম থেকে প্যারিসে নিয়ে যেতে চেয়েছে। এ নিয়ে দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে আলাপ-আলোচনা চলছে।
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী বেরনাদ ক্যাজনভ আবদেসালামের এই গ্রেপ্তারকে ইউরোপে আইএসের জঙ্গি কার্যক্রমের ওপর ‘বড় আঘাত’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, আবদেসালামকে ফ্রান্সে নিয়ে যাওয়া হবে।
গত বছরের ১৩ নভেম্বর প্যারিসের একটি সংগীত অনুষ্ঠান, জাতীয় স্টেডিয়াম এবং একাধিক ক্যাফেতে একযোগে হামলা চালায় সন্ত্রাসীরা। এতে নিহত হন ১৩০ জন। হামলায় জড়িত ব্যক্তিদের মধ্যে আবদেসালামও ছিলেন বলে সন্দেহ পুলিশের।