কারাবন্দী সৌদি ব্লগার জিতলেন শাখারভ পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাইফ বাদাবি
রাইফ বাদাবি

ইউরোপীয় পার্লামেন্টের মর্যাদাপূর্ণ শাখারভ মানবাধিকার পুরস্কার পেয়েছেন সৌদি আরবের ভিন্নমতাবলম্বী ব্লগার রাইফ বাদাবি। প্রতিবাদী ও মুক্তচিন্তার পক্ষে লেখার জন্য কারাবন্দী এই ব্লগারকে এই পুরস্কার দেওয়া হয়েছে। পুরস্কারের কথা ঘোষণা করার সময় বাদাবিকে মুক্তি দেওয়ার জন্য সৌদি বাদশাহ সালমানকে অনুরোধ করেন ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট মার্টিন শুলজ। খবর বিবিসির।
‘ইসলাম অবমাননাকারী’ লেখার জন্য বাদাবিকে ২০১২ সালে অভিযুক্ত করে ১০ বছরের কারাদণ্ড এবং ১ হাজার দোররা মারার আদেশ দেওয়া হয়েছে। প্রথম ধাপে তাঁকে ৫০টি দোররা মারা হয়েছে। আন্তর্জাতিক মহলে এই শাস্তির প্রতিবাদ করা হয়েছে। গত জুনে সৌদি সুপ্রিম কোর্ট এ সাজা বহাল রাখেন।
সাবেক সোভিয়েত ইউনিয়নের বিশিষ্ট পরমাণুবিজ্ঞানী, ভিন্নমতাবলম্বী এবং মানবাধিকারকর্মী আন্দ্রেই শাখারভের নামে প্রবর্তিত এই পুরস্কার ১৯৮৮ সাল থেকে দিয়ে আসছে ইউরোপীয় পার্লামেন্ট। পুরস্কারটির পুরো নাম ‘শাখারভ প্রাইজ ফর ফ্রিডম অব থট’ বা ‘শাখারভ মুক্তচিন্তা পুরস্কার’। মানবাধিকার সমুন্নত রাখা এবং মুক্তচিন্তার বিকাশে অবদান রাখা ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এ পুরস্কার দেওয়া হয়।