কারুকার্যমণ্ডিত বরফের হোটেল
দেয়াল থেকে শুরু করে মেঝে, এমনকি ছাদ—পুরোটাই বরফের। বরফের ভেতর নজরকাড়া রংবেরঙের ফুল আর সবুজ পাতার বাহার। বাড়তি সৌন্দর্য এনেছে ছাদ থেকে নেমে আসা একটি বরফের ঝাড়বাতি। সেটিও সাজানো ফুল দিয়ে। খবর সিএনএনের
বলা হচ্ছে সুইডেনের ‘আইস হোটেলের’ কথা। হোটেলটির একটি স্যুট সাজানো হয়েছে এমনই রাজকীয় ছোঁয়ায়। নাম রাখা হয়েছে ‘মিডসামার নাইটস ড্রিম’।
বরফ দিয়ে তৈরি বিশ্বের প্রথম হোটেল তৈরির এই কৃতিত্ব সুইডেনের ইয়ুকাসিয়ার্ভিতে অবস্থিত এই আইস হোটেল কর্তৃপক্ষের। হোটেলটি নির্মাণ করা হয় ১৯৮৯ সালে।
এরপর থেকে প্রতি শীত মৌসুমে গড়ে তোলা হয় নতুন করে। এবারের শীতে ৩২ বছরে পা রাখল হোটেলটি। নতুন এ সংস্করণেই যোগ করা হয়েছে ‘মিডসামার নাইটস ড্রিম’। এর নকশা করেছেন সুইডেনের যুবরাজ কার্ল ফিলিপ ও তাঁর ব্যবসায়িক অংশীদার অস্কার কাইলবার্গ।
চলতি শীতে আইস হোটেলের নতুন সংস্করণটির রূপ দিয়েছেন মোট ৩২ জন শিল্পী। ২ হাজার ৮৭০ বর্গমিটার জায়গাজুড়ে গড়ে তোলা এবারের সংস্করণে স্থান পেয়েছে ১২টি আর্ট স্যুট, ২৪টি আইস রুম আর আচার-অনুষ্ঠানের জন্য একটি হলরুম।
বরফের তৈরি এই হোটেলের ভেতরে অভিজ্ঞতা কেমন হবে, তার একটি ধারণাও দেওয়া হয়েছে। আইস হোটেলের ওয়েবসাইট বলছে, কক্ষগুলোর ভেতরে তাপমাত্রা থাকে মাইনাস ৫ থেকে মাইনাস ৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। সন্ধ্যা ছয়টা বাজতেই অতিথিরা প্রবেশ করতে পারবেন কক্ষগুলোতে। রাতে ঘুমানোর জন্য দেওয়া হয় বিশেষ ধরনের একটি স্লিপিং ব্যাগ। আর কনকনে ঠান্ডার মধ্যে কীভাবে টিকে থাকতে হবে, তা আগে থেকেই শিখিয়ে-পড়িয়ে নেওয়া হয়। এরপরও ঠান্ডায় জমে গেলে ভড়কানোর কিছু নেই। যখন খুশি কক্ষ থেকে বের হয়ে নির্ধারিত স্থানে গিয়ে গা গরম করে নেওয়া যাবে।
হোটেলটিতে ঢুঁ মারতে যেতে হবে শীতকালে। প্রতিবছর মধ্য ডিসেম্বর থেকে মধ্য এপ্রিল পর্যন্ত চালু থাকে হোটেলটি। তবে ২০১৬ সালে কিছুটা বদল আনা হয়। খোলা হয় ‘আইস হোটেল ৩৬৫’ নামে আলাদা একটি অংশ। এটি সারা বছর চালু থাকে। এ অংশে সৌরশক্তি ব্যবহার করে কক্ষগুলো ঠান্ডা রাখা হয়। সেখানে রয়েছে একটি পানশালা, একটি আর্ট গ্যালারি আর বেশ কয়েকটি স্যুট।
তবে বরফের হোটেলে থাকার অভিজ্ঞতা পেতে শুধু সুইডেনেই যেতে হবে এমনটি নয়। ‘হোটেল ডি গ্লেস’ নামে বরফের তৈরি একটি হোটেল খুলেছে কানাডাতেও। আর রোমানিয়ায় ‘হোটেল অব আইস’ নামে একই ধরনের হোটেল চালু করা হয়েছে।