কার্টুন পুনর্মুদ্রণ, জার্মানির পত্রিকা অফিসে হামলা
ফ্রান্সের প্যারিসে ব্যঙ্গধর্মী পত্রিকা শার্লি হেবদোতে প্রকাশিত কার্টুনটি পুনর্মুদ্রণ করায় জার্মানির হামবুর্গের আঞ্চলিক একটি পত্রিকার কার্যালয়ে হামলা হয়েছে। তবে হামলায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের মুখপাত্র এএফপিকে জানান, ইট ও দাহ্যপদার্থ ওই পত্রিকা কার্যালয়ের জানালা দিয়ে ছুড়ে ফেলা হয়। কার্যালয়ের নিচতলার দুটি কক্ষ এতে ক্ষতিগ্রস্ত হয়। দ্রুত ওই ঘরগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। হামবুর্গ মর্গেনপোস্ট নামের আঞ্চলিক পত্রিকার প্রথম পাতায় শার্লি হেবদো পত্রিকায় ছাপা হওয়া তিনটি কার্টুন পুনর্মুদ্রণ করা হয়।
পুলিশ জানায়, গ্রিনিচ মান সময় দেড়টার দিকে ওই হামলা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে।
ইসলাম ধর্ম ও মহানবী (সা.)-কে ব্যঙ্গ করে বিশ্বব্যাপী সমালোচিত হওয়া শার্লি হেবদোর কার্যালয়ে গত বুধবারের জঙ্গি হামলায় নিহত হন পত্রিকাটির প্রধান সম্পাদকসহ আট সাংবাদিক, দুই পুলিশ সদস্য ও অন্য দুজন। এ ছাড়া আহত হন আরও ১০ জন। ফ্রান্সের মাটিতে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ ওই হামলার পর নিরাপত্তা বাহিনী হামলাকারীদের ধরতে দেশজুড়ে সাঁড়াশি অভিযানে নামে। অভিযানের মধ্যেই গত বৃহস্পতিবার ফ্রান্সের দক্ষিণাঞ্চলে বন্দুকধারীর গুলিতে নিহত হন একজন পুলিশ কর্মকর্তা। গুরুতর আহত হন আরেক কর্মকর্তা। পরে শার্লি হেবদোর কার্যালয়ে হামলাকারী সেই সন্ত্রাসী ভ্রাতৃদ্বয় সাইদ কোশি (৩৪) ও শরিফ কোশি (৩২) নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হন।
জার্মানির বিল্ড এম সান্টাগ নামে একটি পত্রিকার গত রোববারের খবরে জানা যায়, ফ্রান্সের প্যারিসে ব্যঙ্গধর্মী পত্রিকা শার্লি হেবদোর কার্যালয়ে বন্দুকধারীদের হামলার ঘটনার পরে ইউরোপে আরও হামলা হতে পারে। মার্কিন গোয়েন্দা সংস্থার নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের তথ্যের বরাত দিয়ে এ খবর জানানো হয়। এর পরেই এ হামলা হলো।
আরও জানতে পড়ুন: ফ্রান্সে পত্রিকা অফিসে বন্দুকধারীদের হামলা, নিহত ১২