কার্যালয়ে পার্টি: তদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন চাইছেন বরিসের দলের নেতারা
করোনা বিধিনিষেধ ভেঙে পার্টি আয়োজন করে ক্ষমা চেয়েও পার পাচ্ছেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। পানাহারের পার্টির আয়োজন করে দেশটির আইনপ্রণেতাদের সমালোচনার মুখে রয়েছেন। এবার এই ঘটনার তদন্ত কর্মকর্তা সু গ্রের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের জন্য বরিসের ওপর চাপ বাড়ছে।
দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, ডাউনিং স্ট্রিটে যেসব পার্টির আয়োজন করা হয়েছিল, সে–সংক্রান্ত পুরো তদন্ত প্রতিবেদন প্রকাশে বরিসের দল কনজারভেটিভ পার্টির নেতারা চাপ দিচ্ছেন। কনজারভেটিভ পার্টির আইনপ্রণেতা মার্ক হারপার গার্ডিয়ানকে বলেন, বরিসের সঙ্গে কথা বলেছেন। এই প্রতিবেদন প্রকাশে আবারও আহ্বান জানিয়েছেন তিনি। এই ইস্যুতে দল আরও কয়েজন আইনপ্রণেতার সঙ্গে এর আগে বৈঠকও করেছেন তিনি। কনজারভেটিভ পার্টির এই নেতা পার্লামেন্টের চিফ হুইপ ছিলেন।
করোনা বিধিনিষেধ ভেঙে বেশ কয়েকটি পানাহার পার্টির আয়োজন করা হয়। এই খবর প্রকাশ্যে আসার পর থেকে বরিস চাপের মুখে ছিলেন। এরপর তিনি সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা সু গ্রেকে এ নিয়ে তদন্তের নির্দেশ দেন। এই তদন্ত প্রতিবেদন সু গ্রে জমা দিয়েছেন এবং এ নিয়ে গত সোমবার গণমাধ্যমে কথাও বলেছেন। সু গ্রে বলেছিলেন, ‘নেতৃত্বের গুরুতর ব্যর্থতার’ কারণে এমন পানাহারের আয়োজন করা সম্ভব হয়েছে। এমন পার্টির আয়োজন করা উচিত হয়নি। এ ছাড়া সু গ্রে এমন পানাহার আয়োজনের নিন্দা করেছেন।
মার্ক চাইছেন, এই প্রতিবেদন পুরোপুরি প্রকাশ করা হোক। এ নিয়ে পার্লামেন্টের হাউস অব কমন্সেও কথা বলেছিলেন তিনি। কিন্তু তখন বরিস বলেছিলেন, মেট্রোপলিটন পুলিশ এ নিয়ে তদন্ত করছেন। এই প্রতিবেদন আসার পর তিনি সব প্রকাশ করবেন। এ ছাড়া সু গ্রে যে প্রতিবেদন দিয়েছেন, তা মেনে নিয়েছেন এবং ক্ষমা চেয়েছেন তিনি। কিন্তু এতে সন্তুস্ট নন ব্রিটিশ আইনপ্রণেতারা। মার্ক চাইছেন, এই প্রতিবেদন এখনই প্রকাশ করা হোক।
বরিস তাঁর সিদ্ধান্তে অনড়। তবে এ নিয়ে এখন সমর্থনও পাচ্ছেন না তিনি। খোদ ব্রিটিশ উপপ্রধানমন্ত্রী ডোমিনিক রাবই ভিন্ন কথা বলছেন। যুক্তরাজ্যের রেডিও এলবিসির সঙ্গে আলাপকালে রাব বলেন, তদন্ত থেকে আরও কী পাওয়া যাবে, এটা পরিষ্কার নয়। এর কারণ হিসেবে তিনি বলেছেন, সু গ্রে এই তদন্ত শেষ করেছেন।
ডাউনিং স্ট্রিটে যতগুলো পার্টির আয়োজন করা হয়েছিল, সব কটির খবর গণমাধ্যমে আসেনি। এ ছাড়া সু গ্রেও এ নিয়ে বিস্তারিত জানাতে চাননি। এর কারণ হিসেবে তিনি বলেছেন, ওই পার্টি থেকে আলাদা কিছু পাওয়া যায়নি। সু বলেন, আমি এসব তথ্য সংরক্ষণ করব এবং নিরাপদে রাখব যত দিন পর্যন্ত না এসব তথ্যের প্রয়োজন পড়ে।
এদিকে সু গ্রে কথা বলার পর এ প্রসঙ্গে কথা বলেছেন বিরোধী দল লেবার পার্টি নেতা কেইর স্টারমার। তিনি এর আগে বরিসের পদত্যাগ দাবি করেছেন। বিবিসিকে তিনি বলেছেন, বরিস তাঁর নিজের গা বাঁচানোর চেষ্টা করছেন।
সু গ্রের ওই প্রতিবেদনের পিডিএফ প্রকাশ করেছে দ্য গার্ডিয়ান। এতে দেখা যায়, ২০২০ সালের মে মাস থেকে ২০২১ সালের এপ্রিল পর্যন্ত ১৬ বার বিভিন্ন জমায়েত হয়েছে, যার মাধ্যমে করোনা বিধিনিষেধ ভাঙা হয়েছে।