কালোটাকা: ভিন্নমত সুইস কর্তৃপক্ষের
সুইজারল্যান্ড কর্তৃপক্ষ কালোটাকার মালিকদের নাম প্রকাশের বিষয়ে ভারতের সঙ্গে ভিন্নমত প্রকাশ করেছে। খবর ডিএনএ-র।
সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক ভেলেনটিন জেলবেগার বলেছেন, সুইজারল্যান্ডে কর ফাঁকি দেওয়া ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হয় না। ব্যাংক আমানতকারীদের নাম প্রকাশের ক্ষেত্রে সুইজারল্যান্ড ও ভারতের মধ্যে ভিন্নতা রয়েছে।
গত সোমবার ভারত সরকার বিদেশি ব্যাংকে কালোটাকা (কর ফাঁকি দেওয়া অর্থ) আছে এমন সাত ব্যক্তি ও এক প্রতিষ্ঠানের নাম প্রকাশের পর জেলবেগার এমন মন্তব্য করলেন।
জেলবেগার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দিচ্ছিলেন। তিনি আরও বলেন, ‘অবৈধ কর্মকাণ্ডের ক্ষেত্রে সুইস ব্যাংকের কোনো গোপনীয়তার বিষয় নেই। আমানতকারীদের বিষয়ে তথ্য চেয়ে কোনো দেশের সরকার যদি অনুরোধ করে তা দিতে আমাদের কোনো বাধা নেই।’
ভারতে প্রকাশিত কালোটাকার মালিকদের তালিকা প্রসঙ্গে জেলবেগার বলেন, ‘ভারত সরকারের সঙ্গে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে। সব আলোচনাই ছিল কর ফাঁকি-সংক্রান্ত। তবে সুইজারল্যান্ডের আইনে কর ফাঁকি দেওয়া তো ফৌজদারি অপরাধ নয়।’ তিনি স্বীকার করেন, কর ফাঁকি দেওয়া অপরাধ কি না সে বিষয়ে বিতর্ক আছে।