কিউবায় মার্কিন নিষেধাজ্ঞা তুলে নিতে বললেন ওলাঁদ

কিউবার ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। হাভানা সফরকালে গত সোমবার কিউবার বর্তমান নেতা রাউল কাস্ত্রো ও সাবেক নেতা ফিদেল কাস্ত্রোর সঙ্গে বৈঠকের পর এ আহ্বান জানালেন তিনি। ওয়াশিংটন ও হাভানার মধ্যে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার পর ওলাঁদই কিউবা সফরে যাওয়া প্রথম পশ্চিমা নেতা। খবর এএফপি ও বিবিসির।
ফিদেল ও রাউল কাস্ত্রোর সঙ্গে বৈঠকের আগেই ফরাসি নেতা কিউবানদের আশ্বস্ত করেন, যেসব ব্যবস্থা কিউবার উন্নয়নকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে, সেগুলো ‘চূড়ান্তভাবে প্রত্যাহার’ করে নেওয়া যায় কি না, তা খতিয়ে দেখতে সম্ভাব্য সবকিছু করবে
ফ্রান্স। পরে তিনি সাক্ষাৎ করেন ১৯৫৯ সালের বিপ্লবের পর থেকে কিউবাকে শাসনকারী এই দুই নেতার সঙ্গে।
ওলাঁদ প্রথমে বৈঠক করেন কিউবা বিপ্লবের নায়ক বর্তমানে ৮৮ বছর বয়সী ফিদেলের সঙ্গে। এ সময় হাস্যোজ্জ্বল ফিদেলের পরনে ছিল কালো ও সাদা রঙের একটি স্যুট, যার নিচে ছিল চেকশার্ট।