কিউবার রাজধানী হাভানার উদ্দেশে গতকাল শনিবার রোম ছেড়েছেন পোপ ফ্রান্সিস। সেখান থেকে ঐতিহাসিক কিউবা ও যুক্তরাষ্ট্র
সফর শুরু করবেন তিনি। খবর রয়টার্সের।
৭৮ বছর বয়সী পোপ, তাঁর সফরসঙ্গী ও সাংবাদিকদের বহনকারী উড়োজাহাজটি গতকাল গ্রিনিচ মান সময় সকাল সাড়ে আটটায় রোমের ফিউমিসিনো বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে। ১২ ঘণ্টা পর সেটির হাভানায় পৌঁছানোর কথা ছিল। তাঁকে স্বাগত জানাতে কিউবার নেতা রাউল কাস্ত্রো হাভানা বিমানবন্দরে উপস্থিত থাকবেন বলে খবরে জানানো হয়।
পোপ আগামী মঙ্গলবার পর্যন্ত কিউবায় অবস্থান করবেন। ওই দিন তিনি ওয়াশিংটনের উদ্দেশে কিউবা ত্যাগ করবেন। ওয়াশিংটনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও ফিলাডেলফিয়ায় যাবেন পোপ। যুক্তরাষ্ট্র সফরকালে তিনি মার্কিন কংগ্রেসে এবং আসন্ন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। ২৮ সেপ্টেম্বর তিনি যুক্তরাষ্ট্র থেকে রোমে ফিরবেন।
আর্জেন্টিনার নাগরিক পোপ ফ্রান্সিস এই প্রথম কিউবা ও যুক্তরাষ্ট্র সফরে গেলেন। এমন এক সময়ে তাঁর এই সফর এল, যখন হাভানা ও ওয়াশিংটনের মধ্যে সম্পর্ক ক্রমেই উষ্ণ হতে চলেছে। দীর্ঘদিনের বৈরিতা ছেড়ে গত বছর দেশ দুটির মধ্যে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠায় ভ্যাটিকান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এএফপির খবরে বলা হয়, গত বছরের ডিসেম্বরে ওয়াশিংটন ও হাভানা সম্পর্ক উন্নয়নের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পর থেকে কিউবায় পর্যটকদের আগমন ১৭ শতাংশ বেড়েছে। এর মধ্যে ৫৭ শতাংশই আমেরিকান পর্যটক। আর পোপের কিউবা সফরের মধ্য দিয়ে সাম্প্রতিক দিনগুলোতে পর্যটক আগমনের হার আরও বেড়েছে।