কিছু শরণার্থীকেন্দ্রের অবস্থা যেন নির্যাতন শিবিরের মতো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপের দেশগুলোকে শরণার্থীদের বর্তমান আশ্রয়কেন্দ্র থেকে সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্বের ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস। তিনি বলেছেন, অনেক শরণার্থীকেন্দ্রের অবস্থা নির্যাতন শিবিরের মতো।

ইতালির রোমে শনিবার একটি গির্জা পরিদর্শনকালে শরণার্থীদের সঙ্গে দেখা করার সময় পোপ বলেন, ইউরোপের অনেক শরণার্থীকেন্দ্রই নির্যাতন শিবিরের মতো।

পোপ এ সময় শরণার্থীদের তাঁর গত বছর গ্রিসের দ্বীপ লেসবসের এক শরণার্থী শিবির পরিদর্শনের কথা জানান। পোপ বলেন, সেখানে তিনি মধ্যপ্রাচ্যের এক শরণার্থীর সঙ্গে কথা বলেছিলেন, যাঁর স্ত্রী খ্রিষ্টান। ক্রুশ ছুড়ে ফেলে দিতে রাজি না হওয়ার কারণে জঙ্গিরা তাঁকে হত্যা করে।

ওই দুর্দশাগ্রস্ত শরণার্থীদের কথা উল্লেখ করে পোপ বলেন, ‘স্ত্রী হারানো ওই লোকটি আশ্রয়কেন্দ্র ছেড়ে বের হতে পেরেছিল কি না জানি না। কারণ শরণার্থীকেন্দ্রগুলোর অনেকগুলোই নির্যাতন শিবিরের মতো। সেখানে অসংখ্য মানুষ গাদাগাদি করে বাস করতে বাধ্য হচ্ছে।’

পোপ ফ্রান্সিস বলেন, ‘উদার যেসব মানুষ শরণার্থীদের স্বাগত জানিয়েছে তাদের এই অতিরিক্ত বোঝাও বহন করতে হবে।...ইতালির প্রতিটি পৌর এলাকা মাত্র দুজন করে লোক নিলে সব শরণার্থীরই জায়গা হয়ে যাবে।’

এদিকে ইহুদিদের সংগঠন আমেরিকান ইহুদি কমিটি পোপের মন্তব্যে ক্ষোভ প্রকাশ করে বলেছে, ‘নির্যাতন শিবির’ কথাটি উচ্চারণের আগে পোপের আরেকবার ভাবা উচিত ছিল। কারণ, ‘নির্যাতন শিবির’ কথাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার নাৎসি আটককেন্দ্রের দুঃসহ স্মৃতিই মনে করিয়ে দেয়। শরণার্থীরা অনেক সমস্যায় থাকলেও তাদের কষ্ট নির্যাতন শিবিরের সঙ্গে তুলনীয় নয়।