কিয়েভ পৌঁছেছেন নেমৎসভের বান্ধবী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গান্না দুরিৎসকা
গান্না দুরিৎসকা

রাশিয়ায় সদ্য হত্যাকাণ্ডের শিকার বিরোধী নেতা বরিস নেমৎসভের খুনের প্রধান প্রত্যক্ষদর্শী গান্না দুরিৎসকা গতকাল সোমবার নিরাপদে ইউক্রেনের রাজধানী কিয়েভ পৌঁছেছেন।
আজ মঙ্গলবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, ২৩ বছর বয়সী গান্না ইউক্রেনের মডেল। তিনি নেমৎসভের বান্ধবী ছিলেন। গত শুক্রবার রাতে ক্রেমলিনের খুব কাছে আততায়ীর গুলিতে নেমৎসভ নিহত হওয়ার সময় তাঁর সঙ্গে ছিলেন গান্না।
গান্নার আইনজীবী ভাদিম প্রখরভ সাংবাদিকদের জানান, তাঁর মক্কেলের বিশ্রাম নেওয়া দরকার।
এর আগে গান্না অভিযোগ করেন, রুশ তদন্তকারীরা তাঁকে মস্কো ত্যাগ করতে বাধা দেন। তাঁর ভাষ্য, তিনি তদন্তকারীদের সব তথ্য দিয়েছেন। কিন্তু নিরাপত্তার অজুহাত দেখিয়ে তাঁকে মস্কো ত্যাগ করতে বাধা দেওয়া হয়েছে।
মস্কোর একটি সমাধিতে মঙ্গলবার নেমৎসভের শেষকৃত্য হওয়ার কথা। তাঁর হত্যাকারীদের ধরতে ইতিমধ্যে বড় অঙ্কের পুরস্কার ঘোষণা করেছে রুশ সরকার। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন।
নিহত নেমৎসভ প্রতিবেশী ইউক্রেনে রাশিয়ার কথিত হস্তক্ষেপের বিরোধী ছিলেন। পুতিনের এই কড়া সমালোচক ছিলেন একজন সাবেক উপপ্রধানমন্ত্রী।