কিয়েভে আবাসিক ভবন ও রেলস্টেশনে বিস্ফোরণ, নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিয়েভের একটি আবাসিক ভবনে বিস্ফোরণের পর আগুন ধরে যায়
ছবি: বিবিসির সৌজন্যে

ইউক্রেনের রাজধানী কিয়েভের বিভিন্ন এলাকার আবাসিক ভবনে হামলা হয়েছে। দেশটির জরুরি সেবা কর্তৃপক্ষ জানিয়েছে আজ মঙ্গলবার এসব হামলায় এখন পর্যন্ত অন্তত দুজন নিহত হয়েছেন। এদিকে আজ সকালে কিয়েভের একটি রেলস্টেশনেও বিস্ফোরণ হয়েছে। আল–জাজিরা ও বিবিসির প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

ইউক্রেনে রুশ হামলা ২০তম দিনে গড়িয়েছে আজ। এদিন সকাল থেকে কিয়েভের বিভিন্ন জায়গায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এক ফেসবুক পোস্টে ইউক্রেনের জরুরি সেবা কর্তৃপক্ষ লিখেছে, কিয়েভ নগরীর পশ্চিমাঞ্চলে সিভিয়াতোশিনস্কি এলাকায় ১৬ তলাবিশিষ্ট একটি ভবনে হামলা হয়েছে। বিস্ফোরণের পর ভবনে আগুন ধরে যায়। পরে সেখান থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত অবস্থায় উদ্ধার করা হয় আরও ২৭ জনকে।

জরুরি সেবা কর্তৃপক্ষ জানায়, আজ পোদিলিস্ক এলাকার একটি আবাসিক ভবনেও হামলা হয়েছে।

কিয়েভের মেট্রো নেটওয়ার্কের টুইটার পোস্টের বরাতে বিবিসি জানায়, আজ সকালে বিস্ফোরণে লুকিয়ানিভস্কা স্টেশন ও সংশ্লিষ্ট অফিসের সম্মুখভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন

লুকিয়ানিভস্কা এলাকাটি কিয়েভের কেন্দ্রস্থলের খুব কাছে। বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হওয়ায় এটি বন্ধ করে দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, রুশ বহর ক্রমাগত ইউক্রেনের রাজধানী কিয়েভের কেন্দ্রস্থলের দিকে এগোচ্ছে।

শহরটির উপকণ্ঠের বেশ কিছু এলাকায় ইতিমধ্যে হামলা চালিয়েছে তারা। এর মধ্যেই আবার রাশিয়া ও ইউক্রেনের কর্মকর্তাদের মধ্যে দফায় দফায় বৈঠক চলছে। তবে এখন পর্যন্ত এসব বৈঠকে উল্লেখযোগ্য তেমন অগ্রগতি দেখা যায়নি। শুধু অবরুদ্ধ শহর থেকে স্থানীয় লোকজনকে সরিয়ে নিতে মানবিক করিডর স্থাপনের ব্যাপারেই সমঝোতা হতে দেখা গেছে।

আরও পড়ুন