কিয়েভে আবাসিক ভবনে রুশ ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে অন্তত একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হলে তার ধ্বংসাবশেষ ওই আবাসিক ভবনে আঘাত হানে। খবর বিবিসির।

ইউক্রেনের জরুরি সেবা বিভাগ জানায়, কিয়েভের দারনিৎস্কি জেলায় স্থানীয় সময় আজ বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে ওই আবাসিক টাওয়ারে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আছড়ে পড়ে। পরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মী ও উদ্ধারকর্মীদের পাঠানো হয়।

ভবনটির ১১তম ও ওপরের তলা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। দেয়াল ও মেঝে কেটে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারের কাজ অব্যাহত রয়েছে।

ইউক্রেনে রাশিয়ার হামলা আজ ২২তম দিনে গড়িয়েছে। রাশিয়ার এই সামরিক অভিযানে আবাসিক ভবনের মতো বেসামরিক স্থাপনায় হামলার অভিযোগ করে আসছে কিয়েভ। তবে এ ধরনের অভিযোগ নাকচ করে দিয়েছে মস্কো।

এক ফেসবুক পোস্টে জেনারেল স্টাফ অব ইউক্রেন আর্মড ফোর্সেস আজ দাবি করেছে, স্থল অভিযানে ব্যর্থ হয়ে রাশিয়া এখন বেসামরিক লোকজনকে লক্ষ্য করে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। তারা বলছে, স্থল অভিযানে রাশিয়ার ব্যর্থতা মানে তারা ইউক্রেনের বিভিন্ন শহরের অবকাঠামো এবং জনবহুল এলাকাকে লক্ষ্য করে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় জোর দিচ্ছে।

জেনারেল স্টাফ অব ইউক্রেন আর্মড ফোর্সেস আরও দাবি করেছে, বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা সত্ত্বেও তারা আকাশ ও স্থল উভয় যুদ্ধেই জয়লাভ করছে। তারা শত্রুর ১০টি ‘এয়ার টার্গেট’ ভূপাতিত করেছে। তবে বিবিসি এসব তথ্যের সত্যতা যাচাই করতে পারেনি বলে জানিয়েছে।

এদিকে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস বলেছে, ইউক্রেনে গত তিন সপ্তাহের লড়াইয়ে সাত হাজারের বেশি রুশ সেনা নিহত হয়েছেন। তবে এই সংখ্যার যথার্থতার বিষয়ে সতর্ক করে তারা বলছে, সংবাদমাধ্যমের তথ্য, ইউক্রেন ও রাশিয়ার দেওয়া পরিসংখ্যান, স্যাটেলাইট চিত্র এবং রাশিয়ার সাঁজোয়া যান ও সেনাদের আক্রান্ত হওয়ার ভিডিও পর্যালোচনা করে এই সংখ্যা নির্ধারণ করা হয়েছে।

ইউক্রেন দাবি করে আসছে, চলমান যুদ্ধে সাড়ে ১৩ হাজার রুশ সেনা নিহত হয়েছেন। তবে রাশিয়া বলছে, এই সংখ্যা ৪৯৮।