কিয়েভে জেলেনস্কির সঙ্গে মার্কিন দুই মন্ত্রীর বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন (ডানে)
ছবি: রয়টার্স

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কিয়েভে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। ইউক্রেনে রাশিয়ার হামলার পর এই প্রথম যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের কোনো প্রতিনিধিদল কিয়েভ সফর করল। খবর বিবিসি ও আল-জাজিরার।

ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা অলেক্সি আরেস্তোভিচ ইউক্রেনিয়ান টিভিকে এক সাক্ষাৎকারে বলেন, স্থানীয় সময় গতকাল রোববার দিনের শেষ দিকে অ্যান্টনি ব্লিঙ্কেন ও লয়েড অস্টিনের সঙ্গে আলোচনা চলছিল। অবশ্য এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র।

আরেস্তোভিচের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ভিডিওর বরাত দিয়ে বিবিসি বলেছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কিয়েভে পৌঁছেছেন এবং জেলেনস্কির সঙ্গে বৈঠকে মিলিত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত হলে যুদ্ধ শুরুর ঠিক দুই মাসের মাথায় প্রথমবারের মতো ইউক্রেনের রাজধানী কিয়েভ সফর করলেন যুক্তরাষ্ট্রের দুই শীর্ষস্থানীয় কর্মকর্তা। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া।

ঊর্ধ্বতন দুই মার্কিন কর্মকর্তার সঙ্গে বৈঠকের আলোচ্যসূচি নিয়ে এর আগে জেলেনস্কি বলেছিলেন, ইউক্রেনকে আরও অস্ত্র সহায়তা প্রদান ও অস্ত্র সরবরাহের সময়সীমার বিষয়টি বৈঠকে তুলে ধরবেন তিনি।

আরও পড়ুন

হামলা শুরু করার পর ইউরোপের অনেক নেতা কিয়েভ সফর করেছেন। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করে সহযোগিতার আশ্বাস দেন তাঁরা। কিন্তু ইউক্রেনে সবচেয়ে বেশি অস্ত্র ও আর্থিক সহযোগিতা পাঠানো যুক্তরাষ্ট্র এত দিন কিয়েভে কোনো শীর্ষ কর্মকর্তাকে পাঠায়নি।

সর্বশেষ দফায় ইউক্রেনে ৮০ কোটি ডলার মূল্যের সামরিক সরঞ্জাম পাঠানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এ নিয়ে রাশিয়ার হামলার পর কিয়েভকে দেওয়া যুক্তরাষ্ট্রের অস্ত্র সহায়তা ৩০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে।