কিয়েভের পূর্ব দিকে ৩০ কিলোমিটার পিছু হটেছে রুশ বাহিনী
ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে পূর্ব দিকের অবস্থান গত ২৪ ঘণ্টায় ৩০ কিলোমিটারের বেশি পিছু হটেছে রুশ বাহিনী। কয়েকটি ফ্রন্টে তারা আত্মরক্ষামূলক অবস্থান নিতে শুরু করেছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা গতকাল বুধবার এ দাবি করেছেন। খবর এএফপির।
নাম প্রকাশ না করার শর্তে ওই জ্যেষ্ঠ কর্মকর্তা সাংবাদিকদের বলেন, রুশদের কিয়েভের ৫৫ কিলোমিটার পূর্ব ও উত্তর-পূর্বে হটিয়ে দিতে সমর্থ হয়েছে ইউক্রেনীয়রা। গতকাল থেকে এই পরিবর্তন এসেছে। রুশ বাহিনী রাজধানীর কেন্দ্র থেকে ২০ কিলোমিটার দূরে অবস্থান করছিল বলে গত মঙ্গলবার ধারণা দিয়েছিল পেন্টাগন।
উত্তর-পূর্বাঞ্চলের পরিস্থিতি সম্পর্কে এই কর্মকর্তা বলেন, তারা মূলত পরিখার মতো খনন করছে এবং আত্মরক্ষামূলক অবস্থান নিচ্ছে। তবে এর মানে এই নয় যে তারা অগ্রসর হচ্ছে না। তারা আসলে এই মুহূর্তে অগ্রসর হওয়ার চেষ্টা করছে না।
গত ২৪ ফেব্রুয়ারি ইউরোপীয় প্রতিবেশী ইউক্রেনে লক্ষাধিক সেনা পাঠায় মস্কো। তাঁদের নির্বিচার হামলায় দেশটির কয়েকটি শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বেসামরিক লোকজন নিহত হওয়ার সংখ্যা বাড়ছে। এক কোটির বেশি ইউক্রেনীয় বাস্তুচ্যুত হয়েছে। এখন পর্যন্ত এই সংঘাত থেকে বেরিয়ে আসার কোনো উপায় দেখছেন না অনেক বিশ্লেষক।
লাখো ডলারের পশ্চিমা অস্ত্র সহায়তায় ইউক্রেনীয় বাহিনী অপ্রত্যাশিতভাবে ব্যাপক প্রতিরোধ গড়ে তুলেছে। কিয়েভের উত্তর-পূর্বাঞ্চলীয় চেরনিহিভ শহরের কেন্দ্র থেকে ১০ কিলোমিটার দূরেই রুশ বাহিনীকে ঠেকিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন।
এই কর্মকর্তা বলেন, তারা (রুশ বাহিনী) থমকে আছে এবং কিছু জায়গায় তারা অবস্থান ছেড়ে যাচ্ছে। তারা আসলে বিপরীত দিকে অগ্রসর হচ্ছে, তবে খুব বেশি নয়। তাঁর দাবি, পূর্বাঞ্চলীয় খারকিভে তীব্র লড়াই হচ্ছে। শহরের কেন্দ্র থেকে রুশ বাহিনী এখনো ১৫-২০ কিলোমিটার দূরে রয়েছে। তারা ইউক্রেনীয় বাহিনীর খুবই কড়া প্রতিরোধের মুখে পড়েছে।
অবশ্য জ্বালানির জন্য দক্ষিণে আজভ সাগরের বেরদিয়ানস্ক বন্দর ব্যবহার করছে রুশ নৌবাহিনী। তবে কৃষ্ণসাগর উপকূলের ওডেসা শহর ঘিরে শেষ পর্যন্ত পেন্টাগন তেমন কোনো পরিবর্তন দেখেনি। রুশ যুদ্ধজাহাজ থেকে ওডেসার দিকে এই সপ্তাহের শুরুর দিকে কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। মঙ্গলবার ও গতকাল এ ধরনের হামলার ঘটনা ঘটেনি বলে এই মার্কিন কর্মকর্তা জানান।
আগের দিন পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেন, ইউক্রেনীয় বাহিনী তাদের অবস্থান ধরে রেখেছে। মাঝেমধ্যে হামলাও চালাচ্ছে। তারা রুশদের ধাওয়া দিচ্ছে এবং তাদের অবস্থান থেকে পিছু হটিয়ে দিচ্ছে।
ইউক্রেনে রুশ হামলা আজ বৃহস্পতিবার ২৯তম দিনে গড়িয়েছে। পরিকল্পনা অনুযায়ী এই বিশেষ সামরিক অভিযান এগোচ্ছে বলে দাবি করে আসছে মস্কো। তবে এখন পর্যন্ত রুশ বাহিনীকে লক্ষ্য অর্জন থেকে ঠেকিয়ে রাখার দাবি ইউক্রেনের সামরিক বাহিনীর।