কুকুর পুষতে পুতিনের সমর্থন চেয়ে ফোন!

দর্শক-শ্রোতার অংশগ্রহণে টিভিতে সরাসরি সম্প্রচারিত এক অনুষ্ঠানে গত বৃহস্পতিবার রাজনীতি ও অর্থনীতিসহ নানা বিষয়ে প্রশ্নের জবাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে সেখানে কিছু নিতান্ত হালকাচালের প্রশ্নও আসে, রুশ প্রেসিডেন্ট যার জবাব দেন চৌকসভাবেই। বুঝিয়ে দিয়েছেন নেতা হিসেবে কতটা কৌশলী আর ঝানু তিনি।
রুশ প্রেসিডেন্টকে করা একটি প্রশ্ন ছিল কুকুর পোষা নিয়ে। এক নারী ফোন করে পুতিনকে বলেন, তাঁর এক বান্ধবী পোষার জন্য কুকুর কিনতে চান। কিন্তু বান্ধবীর সেনাসদস্য স্বামী বরিস কিছুতেই রাজি নন। রুশ প্রেসিডেন্ট কি পারেন না, বরিসকে তাঁর স্ত্রীর ইচ্ছা পূরণের নির্দেশ দিতে?
জবাবে পুতিন যা বলেন, তাতে তিনটি বিষয় স্পষ্ট। প্রথমত, বিষয়টি অন্যদিকে নেওয়ার চেষ্টা। পুতিন বলেন, কুকুরের পরিবর্তে বরিস তাঁর স্ত্রীর জন্য একটি দামি কোট কিনে দিতে পারেন। দ্বিতীয়ত, দায়িত্ব না নেওয়া। কারণ, পুতিন এ-ও বলেন: তিনি কাউকে তাঁর বাড়িতে কুকুর আনতে নির্দেশ দিতে পারেন না। এমনকি প্রেসিডেন্ট হিসেবেও না। তৃতীয়ত, বোঝানোর চেষ্টা। পুতিন বলেন, ‘বরিস, দয়া করে তোমার স্ত্রীকে একটি কুকুর কেনার অনুমতি দাও। এটা তোমার পারিবারিক বন্ধনকে আরও দৃঢ় করবে।’
পুতিনের কোমল অনুরোধে সেনাসদস্য বরিসের মন গলেছে কি না, তা জানা যায়নি। কখনোই হয়তো তা জানাও যাবে না। তবে একটি বিষয় হয়তো নিশ্চিতভাবেই বলা যেতে পারে। পুতিনের রাজনৈতিক জীবন শেষ হয়ে গেলেও চিন্তার কিছু নেই। দারুণ আরেক পেশা তাঁর জন্য অপেক্ষা করছে। পত্রিকার পরামর্শ পাতায় পাঠককে মুশকিল আসানের বুদ্ধি বাতলে দেওয়ার কাজটা খুব ভালোই করবেন তিনি। সূত্র: বিবিসি।