কুমির কামড়ে নিল হাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে সচরাচর এমন বড় ধরনের কুমির দেখা যায়। ছবি: এএফপি।
অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে সচরাচর এমন বড় ধরনের কুমির দেখা যায়। ছবি: এএফপি।

এক বৃদ্ধার হাত কামড়ে নিয়ে গেছে একটি কুমির। উত্তর-পূর্ব অস্ট্রেলিয়ার ছোট একটি শহরের খাঁড়ির পাশে এ ঘটনা ঘটেছে। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার কান্ট্রি হেলথ সার্ভিসের পক্ষ থেকে বার্তা সংস্থা এএফপিকে জানানো হয়, গতকাল বুধবার বিকেলে থ্রি মাইল ক্রিক এলাকায় ৬০ বছর বয়সী এক বৃদ্ধাকে আক্রমণ করে কুমিরটি। পরে তাঁকে র‍য়্যাল ডারউইন হাসপাতালে ভর্তি করা হয়। অস্ত্রোপচারের পর তিনি সুস্থ আছেন।
খাঁড়ির কাছেই ফাইভ রিভার্স ক্যাফে মালিক মাইকেল স্নোবল বলেন, ক্যাফে থেকে ৩০০ মিটার দূরে ছোট একটি খাঁড়ির পাশে ছিলেন তিনি। কোনো এক সময় ঘাপটি মেরে থাকা কুমির তাঁর ওপর আক্রমণ করে বসে। পানি থেকে ত্বরিত এসে বৃদ্ধার কনুইয়ের নিচ থেকে হাতের বাকি অংশ কামড়ে নিয়ে যায়।
স্নোবল দাবি করেন, মাত্র তিন মিটার প্রশস্ত ও দেড় মিটার গভীরতার এই ছোট খাঁড়িতে কুমিরের আক্রমণের ঘটনা তিনি প্রথম শুনলেন। এ ধরনের খাঁড়িতে মূলত শিশুরা সাঁতার কাটে আর জেলেরা মাছ ধরেন।
অস্ট্রেলিয়ার পার্ক ও বন্যপ্রাণী বিভাগের একজন মুখপাত্র বলেন, তাঁর ধারণা, এটি লোনাপানির কুমির, যার দৈর্ঘ্য সাত মিটার পর্যন্ত হতে পারে। ওজন হতে পারে এক টন। এ কুমিরটিকে পাকড়াওয়ের চেষ্টা চলছে।
অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে সচরাচর বড় কুমির দেখা যায়। বন্যপ্রাণী সংরক্ষণ আইন করার এ অঞ্চলে কুমিরের সংখ্যা আরও বেড়েছে। প্রতিবছর কুমিরের কামড়ে অস্ট্রেলিয়ায় অন্তত দুজন মারা যায়।