বিরোধপূর্ণ দক্ষিণ কুরিল দ্বীপপুঞ্জ নিয়ে কোনো তাৎক্ষণিক সমঝোতা না হলেও সেখানে যৌথ অর্থনৈতিক প্রকল্প শুরুর ব্যাপারে ঐকমত্য প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করা ও বিরোধপূর্ণ দ্বীপ নিয়ে সমাধানে পৌঁছানোর আশাবাদ ব্যক্ত করে গতকাল শুক্রবার জাপান সফর শেষ করেছেন পুতিন।
গত বৃহস্পতিবার থেকে দুই দিনের জাপান সফরে দুই দফা বৈঠক করেন পুতিন ও আবে। গতকাল রাজধানী টোকিওতে দ্বিতীয় বৈঠক শেষে দুই নেতাই ইঙ্গিত দেন যে দক্ষিণ কুরিল নিয়ে কোনো সমঝোতা হয়নি। পুতিন বলেন, ‘আমরা এ সমস্যা এক ঘণ্টার বৈঠকে সমাধান করে ফেলব, এমনটা ভাবা হবে বোকামি। তবে এটা সত্যি যে সমাধানের চেষ্টা অব্যাহত রাখতে হবে।’
শিনজো আবেরও একই মত। তিনি বলেন, ‘যে শান্তিচুক্তি সাত দশকেও অর্জন করা যায়নি, তা হুট করেই বাস্তবায়ন করা সহজ নয়। আমরা দুই নেতা এ বিষয়ে আমাদের দৃঢ় মনোভাব দেখাচ্ছি। অবশ্য সামনের পথ খুব বেশি মসৃণ নয়।’
কুরিল দ্বীপপুঞ্জের একেবারে দক্ষিণের চারটি দ্বীপ নিয়েই মূলত দুই দেশের বিরোধ। রাশিয়া এগুলোর মালিকানা দাবি করে। আর জাপান এগুলোকে নিজ ভূখণ্ডের উত্তরাঞ্চল বলে মনে করে।