কুর্দি বাহিনীর ঘাঁটিতে তুরস্কের বিমান হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরস্কের সেনাবাহিনী দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এবং প্রতিবেশী ইরাকের উত্তরাঞ্চলে কুর্দি বাহিনীর বিভিন্ন সামরিক চৌকির ওপর বিমান হামলা চালিয়েছে। গতকাল শনিবার সেনাসূত্র এ কথা নিশ্চিত করেছে।
গত শুক্রবার রাতে তুরস্কের সেনাবাহিনীর ২০টি যুদ্ধবিমান ইরাকের উত্তরাঞ্চলে নিষিদ্ধঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) কোয়ানদিল, হাকুরক ও আভাসিনসহ কয়েকটি ঘাঁটিতে হামলা চালায়। ওই ঘাঁটিগুলো থেকে সংগঠনটির খাদ্য ও অস্ত্র সরবরাহ নিশ্চিত করা হতো।
সেনাসূত্র জানায়, গোয়েন্দা সূত্রে ইরাক সীমান্তবর্তী সিরনাক প্রদেশের ওই ঘাঁটিগুলো সম্পর্কে নিশ্চিত হওয়ার পর দুটি ধাপে হামলা চালানো হয়।
এদিকে গতকাল সিরীয় সীমান্তবর্তী এলাকায় পিকেকে বিদ্রোহীদের রকেট হামলায় একজন তুর্কি সেনাসদস্য এবং দুজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
তুরস্কে সন্ত্রাসী হামলা বেড়ে যাওয়ার জন্য প্রতিবেশী সিরিয়া ও ইরাকের ভেতরে সক্রিয় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ও পিকেকে বিদ্রোহীদের দায়ী করছে তুর্কি কর্তৃপক্ষ।