কুর্দি মিলিশিয়াদের দুষলেন এরদোয়ান
রাজধানী আঙ্কারায় বুধবারের গাড়িবোমা হামলার জন্য কুর্দি মিলিশিয়াদের দায়ী করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেছেন, সিরিয়ার কুর্দিশ ডেমোক্রেটিক ইউনিয়ন পার্টির সামরিক শাখা কুর্দিশ পিপলস প্রোটেকশন ইউনিট (ওয়াইপিজি) এ হামলার জন্য দায়ী। তবে ওয়াইপিজি এ অভিযোগ অস্বীকার করেছে। খবর বিবিসি ও রয়টার্সের।
তুরস্কের পার্লামেন্ট ভবন ও সেনা সদর দপ্তরের কাছে গত বুধবার রাতে এক বিস্ফোরণ ঘটে। সেনাসদস্যদের বহনকারী একটি বাস যাওয়ার সময় পাশে বিস্ফোরক বোঝাই একটি গাড়িতে বিস্ফোরণ ঘটানো হয়। এতে নিহতের সংখ্যা বেড়ে ২৮ জন হয়েছে। আহত হয়েছেন ৬১ জন।
তুরস্কের প্রধানমন্ত্রী আহমেত দাভুতোগলু বলেছেন, বুধবারের হামলায় নিহতদের মধ্যে ২৬ জনই সেনাসদস্য। তিনি বলেন, কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) হামলার পেছনে ইন্ধন জুগিয়েছে। হামলার ঘটনায় ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ওয়াইপিজি অবশ্য হামলার দায় অস্বীকার করেছে।
আহমেত দাভুতোগলু বলেন, ওয়াইপিজির যোদ্ধারা তুরস্কে নিষিদ্ধঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) জঙ্গিদের সঙ্গে যোগসাজশে ওই বোমা হামলা চালিয়েছে। প্রধানমন্ত্রী বোমা হামলাকারীর নাম সালিহ নেসার উল্লেখ করে বলেন, তিনি সিরীয় নাগরিক এবং ওয়াইপিজির সদস্য। দাভুতোগলু আরও বলেন, আঙ্কারায় হামলার সঙ্গে ওয়াইপিজির সরাসরি সম্পর্ক খুঁজে পাওয়া গেছে।