কুর্দিদের অবস্থানের ওপর তুরস্কের বিমান হামলা
তুরস্কের বিমানবাহিনী কুর্দি বিদ্রোহীদের ওপর বিমান হামলা চালিয়েছে। দক্ষিণ-পূর্ব ও ইরাকের উত্তর সীমান্তে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সদস্যদের অবস্থানের ওপর ওই হামলা চালানো হয়। খবর রয়টার্সের।
>তুরস্কের প্রধানমন্ত্রী আহমেত দাভুতগলু বলেছেন, ওই হামলায় আইএস জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। দেশটির নিরাপত্তা বাহিনীর সূত্রও বলছে, আইএস এই হামলার সঙ্গে জড়িত
আগামী ১ নভেম্বর নির্বাচন সামনে রেখে উত্তেজনা কমাতে গত শনিবার পিকেকে নতুন করে যুদ্ধবিরতির ঘোষণা দেয়। ওই ঘোষণাকে পিকেকের একটি ‘কূটকৌশল’ বলে বর্ণনা করে দেশটির উপপ্রধানমন্ত্রী ইয়ালজিন একতোগান তা নাকচ করে দেন। এরপর দেশটির বিমানবাহিনী এ হামলা চালায়।
আর শনিবার পিকেকের যুদ্ধবিরতি ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা আগে আঙ্কারার প্রধান রেলস্টেশনের কাছাকাছি কুর্দিপন্থী এবং শ্রমিক আন্দোলনের কর্মীদের একটি সমাবেশে সন্দেহভাজন দুই আত্মঘাতী জোড়া বোমা বিস্ফোরণ ঘটনায়। সরকারি হিসাব অনুযায়ী ওই হামলায় নিহত হয় ৯৭ জন। কুর্দিপন্থী দল পিপলস ডেমোক্রেটিক পার্টি (এইচডিপি) বলছে, ওই হামলায় ১২৮ জন নিহত হয়।
তুরস্কের প্রধানমন্ত্রী আহমেত দাভুতগলু বলেছেন, ওই হামলায় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। দেশটির নিরাপত্তা বাহিনীর সূত্রও বলছে, আইএস এই হামলার সঙ্গে জড়িত। তবে কোনো সংগঠনই ওই হামলার দায় স্বীকার করেনি। তুরস্কের সরকারবিরোধীরা বলছে, সরকার নিজেই ওই হামলার সঙ্গে জড়িত। তবে তুরস্ক সরকার তীব্রভাবে এই বক্তব্যের বিরোধিতা করছে।
তুরস্কের সামরিক বাহিনী জানিয়েছে, গত রোববার তারা ইরাকের উত্তরাঞ্চলে হামলা চালায়। ওই দিনের বিমান হামলায় উত্তরাঞ্চলের মেতিনা ও জাপ এলাকায় পিকেকের অবস্থান ধ্বংস হয়ে যায়। নিরাপত্তা বাহিনীর কয়েকটি সূত্র জানিয়েছে, ওই অভিযানে পিকেকের ৩০-৩৫ জন গেরিলা যোদ্ধা নিহত হন।
শনিবার তুরস্কের দিয়ারবাকিস প্রদেশে পিকেকের অবস্থানের ওপর বোমা বর্ষণ করে সে দেশের বিমানবাহিনী। ওই হামলায় ৪৯ জন নিহত হয় বলে খবর পাওয়া গেছে। তুরস্কের জ্যেষ্ঠ এক নিরাপত্তা কর্মকর্তা বলেন, কোনো বিরতি ছাড়াই অভিযান অব্যাহত থাকবে।
তুরস্ক রাষ্ট্রের সঙ্গে পিকেকের ৩১ বছরের লড়াই যুদ্ধবিরতির মাধ্যমে ২০১৩ সালের মার্চে শেষ হয়। তবে গত জুলাইয়ে তুরস্কের নিরাপত্তা বাহিনীর ওপর হামলার প্রতিশোধ হিসেবে দেশটি বিমান হামলা শুরু করলে নতুন করে লড়াই শুরু হয়। সাম্প্রতিক এই লড়াইয়ে কয়েক শ লোক নিহত হয়। কুর্দি-অধ্যুষিত দক্ষিণ-পূর্বাঞ্চলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে পিকেকের লড়াই শুরু হওয়ার পর শতাধিক মানুষের মৃত্যুর প্রতিবাদে এইচডিপি এবং নাগরিক, বাম ও শ্রমিক আন্দোলনের নেতা-কর্মী ও সমর্থকেরা আঙ্কারায় শনিবার ওই সমাবেশ করেন।
তুরস্কের ইতিহাসে ভয়াবহতম ওই হামলার পর আসন্ন নির্বাচনে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।