কুর্দিদের নিজস্ব ভূখণ্ড গঠন ঠেকাতেই তুরস্ক ও যুক্তরাষ্ট্র সিরিয়া-তুরস্ক সীমান্তে একটি ‘নিরাপদ জোন’ গড়ে তোলার কথা বলছে। তুরস্কের কুর্দিপন্থী রাজনৈতিক দল পিপলস ডেমোক্রেটিক পার্টির (এইচডিপি) নেতা এ অভিযোগ করেছেন। খবর বিবিসির।
এইচডিপির চেয়ারম্যান সালাহাতিন দিমিরতাস বলেন, নিষিদ্ধঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) বিদ্রোহীদের লক্ষ্যবস্তু করতেই সীমান্তজুড়ে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে তুরস্কের সরকার। সরকার এবং পিকেকে উভয় পক্ষকেই শান্তিপ্রক্রিয়ায় ফিরে আসার আহ্বান জানান তিনি।
তুরস্ক সম্প্রতি বলেছে, দেশটিতে চালানো পিকেকের হামলা শান্তিপ্রক্রিয়াকে অসম্ভব করে তুলেছে। সাম্প্রতিক সময়ে তুর্কি বাহিনীর সঙ্গে পিকেকের বেশ কিছু সংঘর্ষ হয়েছে। পাশাপাশি আইএস-সংশ্লিষ্ট জঙ্গিরাও তুরস্কে হামলা চালিয়েছে। এর মধ্যে গত সপ্তাহে সীমান্তবর্তী কুর্দি শহর সুরুসে এক হামলাতেই নিহত হয় ৩২ জন। তুরস্ক আইএস ও পিকেকে উভয়কেই সন্ত্রাসী সংগঠন মনে করে।
প্রতিবেশী ইরাক ও সিরিয়ায় জঙ্গিদের উত্থান এক বছরের বেশি হতে চললেও তুরস্ক এত দিন মার্কিন নেতৃত্বাধীন চলমান আইএসবিরোধী কর্মকাণ্ডে সক্রিয় কোনো ভূমিকা রাখেনি। কিন্তু আইএস ও পিকেকের হাতে একের পর এক আক্রান্ত হওয়ার পর হঠাৎ করেই গত সপ্তাহে সক্রিয় হয় দেশটি। নিজেদের একটি বিমান ঘাঁটি যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানগুলোকে আইএসবিরোধী কর্মকাণ্ডে ব্যবহারের অনুমতি দেওয়ার পাশাপাশি তুর্কি যুদ্ধবিমানগুলোও এখন হামলায় অংশ নিচ্ছে।
তুরস্ক ও যুক্তরাষ্ট্র বর্তমানে সিরিয়ার উত্তরাঞ্চলে একটি ‘নিরাপদ এলাকা’ গড়ে তুলতে যৌথভাবে কাজ করছে। ৯০ কিলোমিটার দীর্ঘ ওই এলাকাকে আইএস জঙ্গিমুক্ত করা হবে। উদারপন্থী সিরীয় বিদ্রোহী গোষ্ঠীগুলোকে প্রশিক্ষণ দিতে এই এলাকা ব্যবহার করা হবে। তুরস্ক আশা করছে, সিরীয় সংঘাতের কারণে তুরস্কে আশ্রয় নেওয়া লাখ লাখ উদ্বাস্তুর একটা অংশও ওই নিরাপদ এলাকায় ফিরে যাবে।
কিন্তু এইচডিপি নেতা দিমিরতাস বলছেন, তুরস্কের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে সিরিয়ার কুর্দি এলাকাগুলোতে হস্তক্ষেপ করা। এতে করে তারা সিরিয়ার বিভিন্ন এলাকার নিয়ন্ত্রণ গ্রহণ থেকে সেখানকার কুর্দিদের নিবৃত্ত করতে পারবে। দিমিরতাস বলেন, ‘এই নিরাপদ এলাকার মাধ্যমে আইএসকে লক্ষ্যবস্তু করার ইচ্ছা তুরস্কের নেই। আসলে তুর্কি সরকার সিরিয়ায় একটি স্বায়ত্তশাসিত রাষ্ট্র তৈরির চেষ্টারত কুর্দিদের দ্বারা মারাত্মকভাবে বিব্রত।...তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান কখনোই সেটা হতে দেবেন না।’
যুক্তরাষ্ট্রের বিবৃতি: যুক্তরাষ্ট্র নিশ্চিত করেছে, তারা সিরিয়ায় আইএসের বিরুদ্ধে লড়াইয়ে যৌথভাবে সামরিক অভিযানের বিষয়ে তুরস্কের সঙ্গে আলোচনা করছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জন কারবি বলেন, এখন সীমান্ত এলাকায় ‘বাড়তি জোটগত প্রচেষ্টা ও শক্তি’র ওপরে আলোকপাত করা হবে। তবে ইরাকের উত্তরাঞ্চলে কুর্দিদের বিরুদ্ধে তুরস্কের বিমান হামলা অনুমোদনের খবর নাকচ করে দেন তিনি।
ন্যাটোর ‘দৃঢ় সংহতি’: মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর মঙ্গলবারের জরুরি বৈঠকে জোটের সদস্যদেশ তুরস্কের আইএস ও কুর্দিবিরোধী চলমান অভিযান নিয়ে বিশদভাবে আলোচনা হয়েছে। ব্রাসেলসে ওই বৈঠক শেষে এক যৌথ ইশতেহারে ২৮ দেশের এই জোট তুরস্কের প্রতি ‘দৃঢ় সংহতি’ প্রকাশ করেছে। তবে রুদ্ধদ্বার ওই বৈঠকে মাত্রাতিরিক্ত বলপ্রয়োগ না করতেও তুরস্কের প্রতি আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি সংখ্যালঘু কুর্দিদের সঙ্গে শান্তি আলোচনা অব্যাহত রাখার ওপরেও জোর দেওয়া হয়েছে।