রাশিয়া–ইউক্রেন যুদ্ধের ফল কূটনীতির মাধ্যমে নির্ধারিত হবে না। বিশেষজ্ঞরা মনে করছেন, ইউক্রেন যুদ্ধের ফলাফল লড়াইয়ের মাধ্যমেই নির্ধারিত হবে। খবর এএফপির।
ইউক্রেনে রুশ হামলার কয়েক দিন পরই আলোচনায় বসে দুই দেশ। যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করে তারা। কিন্তু আলোচনায় অগ্রগতি নেই। বিশেষজ্ঞরা মনে করছেন, এক পক্ষ যতক্ষণ না পর্যন্ত যুদ্ধে এগিয়ে থাকার বিষয়টি বুঝতে পারবে, ততক্ষণ পর্যন্ত আলোচনায় অগ্রগতি হবে না।
রক্তপাত বন্ধের সমাধান খোঁজার সর্বশেষ প্রচেষ্টা হিসেবে রাশিয়া ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীরা বৃহস্পতিবার তুরস্কের আন্তালিয়াতে আলোচনায় বসেছিলেন। যদিও আলোচনায় কোনো অগ্রগতি হয়নি, তবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি গত শনিবার বলেছেন, সর্বশেষ আলোচনায় রুশদের কাছ থেকে ভিন্ন পন্থা দেখতে পেয়েছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আলোচনায় কিছুটা ‘ইতিবাচক গতি’ এসেছে।
বিশেষজ্ঞরা বলছেন, নিরস্ত্রীকরণে সম্মত হওয়া, ন্যাটোতে যোগদানের উচ্চাকাঙ্ক্ষা পরিত্যাগ এবং পূর্ব ইউক্রেনে দুটি প্রজাতন্ত্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে ইউক্রেনের ওপর চাপ রয়েছে রাশিয়ার পক্ষ থেকে। ইউক্রেনের পক্ষ থেকে এসব দাবি প্রত্যাখ্যান করা হয়েছে। কোনো পক্ষ প্রভাবশালী সামরিক অবস্থান তৈরি না করা পর্যন্ত কেউ আপস করার জন্য রাজি বলে মনে হয় না।
গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের (আইসিজি) রাশিয়াবিষয়ক বিশেষজ্ঞ ওলেগ ইগনাটভ বলেন, এটা একধরনের অচলাবস্থা বা স্থবির হয়ে আছে। কারণ, রাশিয়া এখনো আশা করছে, ইউক্রেন তাদের দাবি মেনে নেবে। উভয় পক্ষই সামরিক পরিস্থিতিকে প্রধান বিষয় হিসেবে বিবেচনা করছে। অর্থাৎ ইউক্রেন এ যুদ্ধে হারছে না, আবার রাশিয়া যুদ্ধে জিতছে না—এমনটা মনে করা হচ্ছে।
ব্রিটিশ গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের (আরইউএসআই) রাশিয়া বিশেষজ্ঞ নাটিয়া সেসকুরিয়া বলেন, যখন উভয় পক্ষ মানবিক করিডর বা অঞ্চলভিত্তিক অস্থায়ী যুদ্ধবিরতির জন্য চেষ্টা চালাচ্ছে, সেই অবস্থায় এই যুদ্ধের কূটনৈতিক সমাধানের কথা চিন্তা করা কঠিন। তারা যদি একমত হতে না পারে, তবে যুদ্ধ চলবে।
প্যারিসভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান মন্টেইগনি ইনস্টিটিউটের বিশ্লেষক ও ফ্রান্সের সাবেক রাষ্ট্রদূত মাইকেল ডুকলস বিশেষজ্ঞদের সঙ্গে একমত পোষণ করে বলেন, যুদ্ধ থামাতে কূটনৈতিক পথ দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়।
যুদ্ধে রুশ সেনাদের ক্ষয়ক্ষতি ও মৃত্যু বেশি হয়েছে বলে মনে করা হচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদোমির জেলেনস্কি শনিবার দাবি করেন, যুদ্ধে ১২ হাজার রুশ সেনা নিহত হয়েছে। যুক্তরাষ্ট্রের পূর্বাভাসের চেয়ে এ সংখ্যা তিন গুণ বেশি। তারপরও রুশ সেনারা রাজধানী কিয়েভের দক্ষিণ, পূর্বসহ বিভিন্ন দিক থেকে এগিয়ে আসছে।
ডুকলস বলেন, এমন একটা পর্যায়ে রয়েছে, যেখানে রুশরা পরিস্থিতি যেমনই হোক না কেন, হুমকি দেওয়ার কূটনীতি চালু রেখেছে। তুরস্কে গত সপ্তাহের আলোচনার লক্ষ্য ছিল ইউক্রেন ও বাইরের দুনিয়ার জন্য কিছু বিভ্রান্তির সৃষ্টি করা।
সেসকুরিয়ার ভাষ্য, এ আলোচনা পুতিনকে তাঁর হামলার ন্যায্যতা প্রতিষ্ঠার জন্য সুযোগ করে দেবে। রাশিয়াকে অজুহাতের সুযোগ দেবে যে তারা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েছিল। কিন্তু ইউক্রেন তাদের দাবি না মানায় হামলা অব্যাহত রেখেছে।
জেলেনস্কি বলছেন, কূটনৈতিক সমাধানের জন্য পশ্চিমা দেশগুলোকে আরও যুক্ত হতে পারে। তাঁর সরকার টিকে গেলে নিরাপত্তা নিশ্চয়তাও প্রয়োজন পড়বে।