কূটনীতিই একমাত্র পথ, রাশিয়া-ইউক্রেনকে জাতিসংঘ মহাসচিব
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। স্থানীয় সময় গতকাল সোমবার ওই দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ফোনালাপের সময় এমন উদ্বেগ জানান তিনি। গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিকের বরাতে বার্তা সংস্থা এএফপি এসব তথ্য জানিয়েছে।
ইউক্রেন সীমান্তে লক্ষাধিক রুশ সেনা মোতায়েন নিয়ে পশ্চিমা বিশ্বের সঙ্গে রাশিয়ার উত্তেজনা চলছে। পশ্চিমা বিশ্বের আশঙ্কা, যেকোনো সময় ইউক্রেনে হামলা চালাতে পারে ক্রেমলিন। তবে রাশিয়া বরাবরই বলে আসছে হামলা চালানোর কোনো ইচ্ছা তাদের নেই। এ ধরনের অভিযোগকে ‘উসকানিমূলক’ বলে উল্লেখ করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
এমন অবস্থায় গতকাল আন্তোনিও গুতেরেস রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভ এবং ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবার সঙ্গে আলাদাভাবে টেলিফোনে কথা বলেন। পরে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তাঁর মুখপাত্র স্টিফেন দুজারিক ফোনালাপের বিষয়বস্তু সাংবাদিকদের সামনে তুলে ধরেন। তিনি বলেন, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়েছেন গুতেরেস। তিনি বলেন সামনে এগোতে কূটনীতিই একমাত্র পথ।
স্টিফেন দুজারিক আরও বলেন, ইউক্রেন ইস্যুকে কেন্দ্র করে যে উত্তেজনা তৈরি হয়েছে, তা নিয়ে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর কাছে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন গুতেরেস। এসব উত্তেজনা নিরসনে চলমান কূটনৈতিক আলোচনাকে স্বাগত জানিয়েছেন তিনি। আবারও জোর দিয়ে বলেছেন কূটনীতির বিকল্প নেই।
গত ২১ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে গুতেরেস বলেছিলেন রাশিয়া ইউক্রেনে হামলা করবে না বলে মনে করেন তিনি। গতকাল দুজারিক বলেন, জাতিসংঘের প্রধান এখনো সে ধারণায় অটল আছেন।
ইউক্রেনে জাতিসংঘের ১ হাজার ৬৬০ জন কর্মী নিয়োজিত রয়েছেন। এর মধ্যে ১ হাজার ৪৪০ জন ইউক্রেনীয় নাগরিক এবং ২২০ জন বিদেশি।
দুজারিক বলেন, ইউক্রেন থেকে জাতিসংঘের কর্মীদের সরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা নেই।
ইউক্রেন ইস্যু ও মিনস্ক চুক্তি নিয়ে আগামী বৃহস্পতিবার বার্ষিক বৈঠক করবে নিরাপত্তা পরিষদ।