কূটনীতিকসহ ১৩০ তুর্কি জার্মানিতে আশ্রয়প্রার্থী
তুরস্কের অন্তত ১৩০ জন কূটনীতিক, সেনা ও তাঁদের পরিবারের সদস্য গত জুলাইয়ের ব্যর্থ অভ্যুত্থান-চেষ্টার পর জার্মানিতে আশ্রয় চেয়েছেন। এ বিষয়ে জার্মানির সরকারি তথ্য-উপাত্ত এএফপির সংগ্রহে এসেছে।
জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশটির একজন আইনপ্রণেতার প্রশ্নের লিখিত জবাবে বলেছে, তুর্কি কূটনৈতিক পাসপোর্টধারী ব্যক্তিদের কাছ থেকে রাজনৈতিক আশ্রয়ের ১৩৬টি আবেদনপত্র সম্পর্কে জার্মানির সরকার অবগত। এসব আবেদনের মধ্যে তাঁদের পরিবারের সদস্যদের নামও রয়েছে। তবে কতজন কূটনীতিক এবং কতজন ন্যাটোর ঘাঁটিতে কর্মরত সেনাসদস্য—সে বিষয়ে সুনিশ্চিত তথ্য মেলেনি।
বিবিসি জানায়, আশ্রয় প্রার্থনা করা সামরিক কর্মকর্তাদের কোনো ধরনের আবেদনে ইতিবাচক সাড়া না দিতে জার্মানির কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছে তুরস্ক। দেশটি ন্যাটোতে কর্মরত থাকা ওই সামরিক কর্মকর্তাদের ফিরিয়ে এনে বিচার করতে চায়। আশ্রয় প্রার্থনা করা ব্যক্তিরা আশঙ্কা করছেন, দেশে ফিরে গেলে তাঁরা ন্যায়বিচার পাবেন না।
আগামী মার্চে জার্মানি সফরে যাওয়ার কথা রয়েছে এরদোয়ানের। সেখানে বহু তুর্কি বাস করেন। জার্মানির অনেক রাজনীতিবিদ তাঁর সম্ভাব্য সফরের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।
তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সরকার ওই অভ্যুত্থান-চেষ্টার জন্য যুক্তরাষ্ট্রপ্রবাসী ইসলামি নেতা ফেতুল্লা গুলেনকে দায়ী করেছেন। ওই ঘটনায় জড়িত সন্দেহে তুরস্কে সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় ৪৩ হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া চাকরি হারিয়েছেন লাখখানেক লোক। তাঁদের মধ্যে আছে শিক্ষক, পুলিশের সদস্য, ম্যাজিস্ট্রেট ও সাংবাদিক।
তুর্কি সরকারের ব্যাপক ধরপাকড় অভিযানের নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। জার্মানিও ওই গণগ্রেপ্তারের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছিল। এ নিয়ে আঙ্কারা ও বার্লিনের সঙ্গে সম্পর্কে তিক্ততা দেখা দেয়।
এদিকে রয়টার্স জানায়, গ্রিসের কর্তৃপক্ষ বলেছে, তুরস্ক সে দেশের দুই নাগরিককে হস্তান্তরের জন্য এথেন্সকে অনুরোধ করবে বলে তারা মনে করছে। ওই দুই ব্যক্তি গ্রিসে আশ্রয় চেয়েছেন। তাঁরা অভ্যুত্থান-চেষ্টায় জড়িত বলে তুর্কি কর্তৃপক্ষ সন্দেহ করছে।