গ্রিসে গতকাল রোববার সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ হয়েছে। এতে বামপন্থী সিরিজা পার্টির জয়ের সম্ভাবনা উজ্জ্বল বলে সংবাদমাধ্যম জানিয়েছে। এ নির্বাচনের ফলাফলের ওপর আইএমএফের মতো আন্তর্জাতিক ঋণদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতার গতিপ্রকৃতি এবং গ্রিসের ইউরো মুদ্রা অঞ্চলে থাকা না-থাকা নির্ভর করতে পারে। খবর এএফপি ও বিবিসির।
নির্বাচিত নতুন সরকারের সবচেয়ে বড় দায়িত্ব হবে দেশের ঋণসংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তা নেওয়ার ব্যাপারে নতুন করে সমঝোতার আলোচনা করা। ঋণসংকট মোকাবিলায় সিরিজা পার্টি বরাবরই সরকারের ব্যয় সংকোচননীতির বিরোধিতা করে আসছে। ফলে দলটির ক্ষমতায় আসার সম্ভাবনায় ইউরো অঞ্চল থেকে গ্রিস বেরিয়ে যেতে পারে বলে মুদ্রাবাজারে আতঙ্ক তৈরি হয়েছে।
বর্তমানে ক্ষমতাসীন দল নিউ ডেমোক্রেসি অবশ্য দাবি করছে, গ্রিসের অর্থনীতি ধীরে ধীরে সংকট কাটিয়ে উঠছে।
অর্থনৈতিক বিপর্যয় কাটিয়ে উঠতে গ্রিস কয়েক বছর ধরে হিমশিম খাচ্ছে। আন্তর্জাতিক ঋণসহায়তার শর্ত পূরণ করার জন্য দেশটি বাজেট সংকোচনের কঠিন সিদ্ধান্ত নিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এবং ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি) গ্রিসকে ঋণ দেওয়ার বিনিময়ে বেশ কিছু শর্ত ও সময়সীমা বেঁধে দিয়েছে।
২০০৮ সালের বৈশ্বিক অর্থনৈতিক মন্দার পর গ্রিসের অর্থনীতি গভীর সংকটে পড়ে। বেকারত্ব বাড়তে থাকে এবং বহু মানুষ দারিদ্র্যের কবলে পড়ে।
সিরিজার নেতা আলেক্সিস সিপারাস বলেন, তাঁর দল গ্রিসের ‘মর্যাদা’ ফিরিয়ে আনবে। ছাঁটাই বন্ধ করে পেনশন এবং কর্মীদের বেতন দেওয়া হবে।
অনেকের আশঙ্কা সিরিজার সম্ভাব্য জয়ের পর গ্রিস হয়তো ঋণসহায়তা গ্রহণের শর্তগুলো পূরণ করতে ব্যর্থ হবে। তারা ইইউর সদস্য ১৯টি দেশের একক মুদ্রা ইউরো ব্যবহার করার সুযোগও হারাতে পারে। অবশ্য সিরিজার পক্ষ থেকে বলা হয়েছে, তারা ইউরো অঞ্চলের সংকটের ব্যাপারে নিজেদের অবস্থান কিছুটা নমনীয় করেছে। গ্রিসকে ইউরোজোনের অন্তর্ভুক্ত দেশ হিসেবেই দেখতে চায় সিরিজা।
আর মধ্য ডানপন্থী নিউ ডেমোক্রেসির নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী আনতোনিস সামারাস দেশকে স্থিতিশীল রাখতে ‘দিন-রাত’ কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। ইউরো অঞ্চলের অর্থনীতিকে উদ্দীপ্ত করতে ইসিবি গত সপ্তাহে নতুন বেশ কিছু পরিকল্পনা ঘোষণা করেছে। প্রধানমন্ত্রী বলেন, সিরিজা পার্টি জয়ী হলে গ্রিস সেই পরিকল্পনার সুফল থেকে বঞ্চিত হতে পারে।
এবারের নির্বাচনে মধ্যপন্থী দল টু পোতামি এবং কট্টর ডানপন্থী দল গোল্ডেন ডনের মধ্যে যেকোনো একটি তৃতীয় স্থান অর্জন করতে পারে। ৩০০ সদস্যের পার্লামেন্ট নির্বাচনে প্রায় এক কোটি নাগরিক ভোট দেওয়ার সুযোগ পাবেন।