কৃত্রিম পায়ে ব্যথা-অনুভূতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কৃত্রিম পায়ে ভর দিয়ে হাঁটছেন ওল্‌ফগ্যাং র‍্যাঞ্জার। আর তা পর্যবেক্ষণ করছেন ওই পায়ের উদ্ভাবক অধ্যাপক হাবার্ট ইগার l ছবি: এএফপি
কৃত্রিম পায়ে ভর দিয়ে হাঁটছেন ওল্‌ফগ্যাং র‍্যাঞ্জার। আর তা পর্যবেক্ষণ করছেন ওই পায়ের উদ্ভাবক অধ্যাপক হাবার্ট ইগার l ছবি: এএফপি

পা কৃত্রিম। কিন্তু অনুভূতি হয় সত্যিকারের পায়ের মতো। কৃত্রিম এই পা ভাঁজ করা যায়। ব্যথার অনুভূতিও হয়। এই প্রথম এমন কৃত্রিম পা উদ্ভাবন করেছেন ভিয়েনার এক বিজ্ঞানী। গতকাল সোমবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ওই পা প্রদর্শন করা হয়। খবর এএফপির।
অস্ট্রিয়ার লিনজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাবার্ট ইগার এই অভিনব কৃত্রিম পা উদ্ভাবন করেন। তিনি ওল্ফগ্যাং র্যাঞ্জার নামের এক ব্যক্তির ডান পায়ের অবশিষ্ট অংশের সঙ্গে যুক্ত করেন ওই কৃত্রিম পা। এ ক্ষেত্রে তাঁর পায়ের স্নায়ুর সঙ্গে যুক্ত করা হয় কৃত্রিম পায়ের ছয়টি সেন্সর।
ওল্ফগ্যাং সাবেক শিক্ষক। ২০০৭ সালে মস্তিষ্কের স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর তাঁর ডান পা কেটে ফেলতে হয়। ছয় মাস ধরে তাঁর সেই পায়ে কৃত্রিম পা সংযোজনের পরীক্ষা চালানো হয়। তিনি গতকাল এএফপিকে বলেন, ‘মনে হলো আমার নতুন জন্ম হয়েছে। ডান পা যেন আবার নতুন করে পেয়েছি। এখন আর বরফের ওপর দিয়ে হাঁটতে গিয়ে আমাকে হোঁচট খেতে হয় না। এ ছাড়া আমি কাঁকর, কংক্রিট, ঘাস নাকি বালুর ওপর দিয়ে হাঁটছি, তা-ও টের পাই। এমনকি ছোট্ট নুড়িপাথরের ওপর দিয়ে হাঁটলেও ঠিকই তা অনুভব করতে পারি।’
কৃত্রিম ওই পায়ে ভর করে ৫৪ বছর বয়সী ওল্ফগ্যাং হেঁটেই ক্ষান্তি দেন না। তিনি রীতিমতো দৌড়ান। সাইকেল চালান এবং গাছেও উঠতে পারেন। তিনি যখন ডান পা মেলে ধরেন কিংবা তাতে ভর দেন, তখন সেখান থেকে মস্তিষ্কে সংকেত যায়।
অধ্যাপক হাবার্ট বলেন, সুস্থ ও স্বাভাবিক পায়ের ক্ষেত্রে স্নায়ু এসব সংকেত মস্তিষ্কে বয়ে নিয়ে যায় এবং মস্তিষ্ক থেকে ফিরতি সংকেত বয়ে আনে। এখানে কৃত্রিম সেন্সর ওই কাজ করে।
অধ্যাপক হাবার্ট বলেন, নতুন প্রযুক্তি প্রস্তুত। ছোট ছোট কোম্পানি নিশ্চয়ই এ ধরনের পা বাজারজাতকরণে আগ্রহী হবে।
কৃত্রিম এই মডেল পা তৈরিতে প্রায় ১১ হাজার ২৪০ ডলার খরচ পড়ে। অধ্যাপক হাবার্ট আশা করেন, এমনকি উন্নয়নশীল দেশগুলোতে এই কৃত্রিম পা সংযোজন করে অনেকের পঙ্গুত্ব দূর করা যাবে। তাঁদের জীবন বদলে যাবে।