কৃষ্ণসাগরে দুর্ঘটনার কবলে রুশ গোয়েন্দা জাহাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষ্ণসাগরের তুরস্ক উপকূলে আজ বৃহস্পতিবার রাশিয়ার নৌবাহিনীর একটি গোয়েন্দা জাহাজের সঙ্গে পশুবাহী একটি জাহাজের সংঘর্ষ হয়েছে। তুরস্কের গণমাধ্যমে বলা হয়েছে, সংঘর্ষের পর এ পর্যন্ত ৪৫ থেকে ৭৮ জন রুশ সেনাকে উদ্ধার করা হয়েছে। কমবেশি ১৫ জন সেনা নিখোঁজ রয়েছেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গবেষণার কাজে নিয়োজিত লিমান নামের ওই নৌজাহাজের ক্রুরা পুনরায় সেটি চালু করার চেষ্টা করছেন। বসফরাস প্রণালি থেকে ৪০ কিলোমিটার উত্তর–পশ্চিমে এশট-৭ জাহাজের সঙ্গে ওই নৌজাহাজের সংঘর্ষ হয়। এতে নৌজাহাজটির উপরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। রুশ সংবাদ সংস্থাগুলো এই বিবৃতি প্রকাশ করেছে।

রাশিয়ার বিবৃতিতে আরও বলা হয়েছে, জাহাজটি ক্রুদের কেউ হতাহত হয়নি। তাঁরা জাহাজটি ‘পুনরায় চালুর চেষ্টা’ করছেন। এ ছাড়া রাশিয়ার অন্য নৌজাহাজ ও একটি উড়োজাহাজ ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে।

রাশিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, তারা এশট-৭ জাহাজটির মালিককে শনাক্ত করার চেষ্টা করছে।

গত ফেব্রুয়ারিতে সামরিক সূত্রগুলো রাশিয়ার গণমাধ্যমকে জানিয়েছিল, তারা কৃষ্ণসাগরে ন্যাটোর মহড়া পর্যবেক্ষণ করতে পারে।