ধ্বংসাবশেষের একাংশের সন্ধান মিলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষ্ণসাগরে বিধ্বস্ত রুশ সামরিক বিমানটির ধ্বংসাবশেষের একাংশের সন্ধান মিলেছে। সিরিয়াগামী উড়োজাহাজটি গত রোববার ৯২ জন আরোহীসহ বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় রাশিয়া গতকাল সোমবার জাতীয় শোক পালন করেছে।
টুপোলেভ-১৫৪ জেট বিমানটিতে রুশ সেনাবাহিনীর বিশেষ সংগীত দলের অন্তত ৬০ জন সদস্য আরোহী হয়েছিলেন। সিরিয়ায় রুশ সেনাদের মনোরঞ্জনের জন্য নববর্ষের অনুষ্ঠানে যাচ্ছিলেন তাঁরা। তাঁদের নিয়ে একটি সামরিক বিমান রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় সোচি শহর থেকে উড়াল দেওয়ার কিছুক্ষণ পরই দুর্ঘটনার কবলে পড়ে।
ধ্বংসাবশেষ পাওয়ার ব্যাপারে রাশিয়ার দুর্যোগ মন্ত্রণালয়ের সোচিভিত্তিক অনুসন্ধান ও উদ্ধার শাখার মুখপাত্র রিম্মা শেরনোভা গতকাল বলেন, ‘ধ্বংসাবশেষটি উপকূল থেকে এক মাইল দূরে পানির ২৭ মিটার গভীরে পাওয়া গেছে।’ রুশ সেনাবাহিনী জানিয়েছে, ডুবুরিরা উড়োজাহাজটির নিয়ন্ত্রণব্যবস্থার দুটি উপাদান উদ্ধার করেছে।
উদ্ধার তৎপরতায় তিন হাজারের বেশি কর্মী কাজ করছেন। কৃষ্ণসাগরের ১০০ বর্গমিটারের বেশি এলাকাজুড়ে উদ্ধার অভিযান চলছে।
রুশ বিমানবাহিনীর কর্মকর্তা ভিক্তর বনদারেভ বলেন, উদ্ধার অভিযানের প্রথম দিনে ১১টি লাশ এবং বিভিন্ন জনের শরীরের ১৫৪টি অংশ পাওয়া গেছে। দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করা প্রথম ১০টি লাশ এবং ডিএনএ পরীক্ষার জন্য বিভিন্ন জনের দেহের ৮৬টি অংশ মস্কোয় পাঠানো হয়েছে।
তদন্তকারীরা দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত করতে পারেননি। তবে কর্তৃপক্ষ বলেছে, বিমান দুর্ঘটনার পেছনে সন্ত্রাসী কোনো কর্মকাণ্ডকে এই মুহূর্তে বিবেচনা করা হচ্ছে না। উড়োজাহাজটির ব্ল্যাকবক্স উদ্ধার করার পর পুরো বিষয়টি পরিষ্কার হবে।