কে সেই ট্রাকচালক?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুধু একটি গাড়িই যখন গণহত্যার অস্ত্র!
শুধু একটি গাড়িই যখন গণহত্যার অস্ত্র!

ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় নিস শহরে বাস্তিল দিবসের উৎসবে জড়ো হওয়া জনতার ওপর ট্রাক তুলে দেওয়া হামলাকারীর নাম মোহাম্মদ লাউইজ বুলেল। স্থানীয় পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে এ কথা বলা হয়েছে।

স্থানীয় গণমাধ্যমে বলা হচ্ছে, হামলাকারী ট্রাকচালক মোহাম্মদ লাউইজ বুলেলের বয়স ৩১ বছর। ফ্রান্সের নিস শহরের এই হামলাকারী সে দেশেরই নাগরিক। তবে তিনি তিউনিসীয় বংশোদ্ভূত। হামলায় ব্যবহৃত ট্রাকেই মিলেছে তাঁর পরিচয়পত্র।

বিবিসির খবরে বলা হয়েছে, আগে জিহাদি কোনো গ্রুপের সঙ্গে বুলেলের সম্পৃক্ততা বা যোগাযোগের খবর পুলিশের কাছে নেই। তাঁর তিন সন্তান আছে। নিস রেলওয়ে স্টেশনের কাছে তাঁর বাড়ি। একতলা ওই বাড়িতে পুলিশ তল্লাশি চালিয়েছে। এ ছাড়া বুলেলের সাবেক স্ত্রীকে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে।

হামলার ঘটনার কয়েক ঘণ্টা আগে ‍পুলিশের সঙ্গে কথা হয় বুলেলের। ওই সময় বুলেল একটি রাস্তায় প্রায় নয় ঘণ্টা ট্রাকটি দাঁড় করিয়ে রাখেন। পুলিশ এ নিয়ে তাঁকে জেরা করলে তিনি জানান, আইসক্রিম ডেলিভারি দিতে ঘটনাস্থলে এসেছেন তিনি।

প্রতিবেশীদের বরাত দিয়ে এএফপির খবরে বলা হয়, খুব বেশি কথা বলতেন না বুলেল। বেশির ভাগ সময় একাই চলাফেরা করতেন। সম্ভাষণ জানালে অনেক সময় জবাবও দিতেন না। তাঁর মধ্যে ধর্মীয় গোঁড়ামিও কখনো দেখা যায়নি।

নিস শহরে জনতার ওপর ট্রাক তুলে দেওয়ার ঘটনায় ১০ শিশুসহ অন্তত ৮৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক ব্যক্তি। গতকাল বৃহস্পতিবার রাতের এ ঘটনাকে সন্ত্রাসী হামলা বলছে দেশটির কর্তৃপক্ষ। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, আতশবাজির প্রদর্শনী উপভোগ করতে শহরের বিখ্যাত প্রমনেদ দেস অঁলেতে বহু লোক জড়ো হয়েছিলেন। স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে আতশবাজির প্রদর্শনী শেষ হওয়ার পর এক চালক একটি ভারী ট্রাক দ্রুতগতিতে জনতার ওপর তুলে দেন। জনতার মধ্য দিয়ে ট্রাকটি প্রায় দুই কিলোমিটার মাড়িয়ে যায়। ঘটনার একপর্যায়ে পুলিশের গুলিতে ট্রাকচালক নিহত হয়েছেন। নিহত হওয়ার আগে ট্রাকচালকও গুলি চালিয়েছিলেন।

বিবিসি বলছে, ট্রাকের ভেতরে আগ্নেয়াস্ত্র ও গ্রেনেড পাওয়া গেছে।