কোটা মানতে পূর্ব ইউরোপের আপত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোতে কোটার ভিত্তিতে ১ লাখ ৬০ হাজার শরণার্থীকে আশ্রয় দেওয়ার পরিকল্পনা গতকাল শুক্রবার প্রত্যাখ্যান করেছে পূর্ব ইউরোপের দেশ চেক প্রজাতন্ত্র, হাঙ্গেরি, পোল্যান্ড ও স্লোভাকিয়া। দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা গতকাল প্রাগে বৈঠক করেন। সেখানে উপস্থিত জার্মান পররাষ্ট্রমন্ত্রী ফ্রাংক ওয়াল্টার স্টাইনমায়ার বলেন, নজিরবিহীন সংখ্যায় শরণার্থী প্রবেশের বিষয়টি ইইউর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে। খবর এএফপি, রয়টার্স, এপি ও বিবিসির।
পূর্ব ইউরোপের বেশির ভাগ দেশই শরণার্থীদের দায়িত্ব নিতে তীব্র আপত্তি জানিয়েছে। দেশগুলো তুলনামূলক কম সমৃদ্ধ। সেখানকার মানুষের মধ্যেও শরণার্থীদের প্রতি সহানুভূতির ঘাটতি দেখা যায়। লাটভিয়া মাত্র ২৫০ জন শরণার্থীকে জায়গা দিতে গত মাসে রাজি হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে দেশটির পার্লামেন্টের সামনে হাজারো মানুষ বিক্ষোভ করেছে। প্রতিবেশী দেশ এস্তোনিয়ার মানুষের মনোভাবও প্রায় একই ধরনের। চেক প্রজাতন্ত্রের ভাগে পড়েছে দেড় হাজার শরণার্থীর দায়িত্ব। দেশটির সরকার বলেছে, শরণার্থীরা সন্ত্রাসবাদ ও সংক্রামক রোগব্যাধি নিয়ে প্রবেশ করতে পারে। রোমানিয়ার প্রেসিডেন্ট ক্লাউস ইয়োহানিস বলেন, বাধ্যতামূলক কোটা নিয়ে আলোচনা অসংগত। কারণ, সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই চরম আমলাতান্ত্রিক উপায়ে এই হিসাব করা হয়েছে।
স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিসোও গত বুধবার শরণার্থীদের নিয়ে একই ধরনের বক্তব্য দেন। তিনি একদিন ঘুম ভেঙে সামনে সম্পূর্ণ অপরিচিত ৫০ হাজার মানুষকে দেখতে চান না বলে মন্তব্য করেন। কোটা পদ্ধতি নিয়ে ইউরোপীয় কমিশনের প্রধান জ্যাঁ-ক্লদ জাংকার যেসব প্রস্তাব দিয়েছেন, সেগুলোর মধ্যে ইইউর সমালোচিত ডাবলিন চুক্তির বিষয়টিও রয়েছে। ওই চুক্তি অনুযায়ী, আশ্রয়প্রার্থীরা প্রথমে যে দেশে যাবেন সেখানকার কর্তৃপক্ষই তাঁর আবেদন প্রক্রিয়াকরণের দায়িত্ব নেবে।
ডেনমার্কও গতকাল ওই কোটা পদ্ধতি প্রত্যাখ্যান করেছে। ইইউর প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক গতকাল বলেন, শরণার্থীদের ভাগাভাগি করে নেওয়ার বিষয়টি নির্ধারণে ইইউর মন্ত্রীরা ব্যর্থ হলে তিনি আগামী মাসে ইইউর শীর্ষ নেতাদের সম্মেলন আহ্বান করবেন। ইইউর সদস্যদেশগুলোর বিচারমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীরা আগামী সোমবার ব্রাসেলসে ওই কোটা প্রস্তাব নিয়ে আলোচনায় বসবেন।
হাঙ্গেরিতে অমানবিক আচরণ: সার্বিয়া সীমান্তের কাছে হাঙ্গেরির একটি আশ্রয়কেন্দ্রে শরণার্থীদের প্রতি অমানবিক আচরণের ভিডিও প্রকাশের ঘটনায় ব্যাপক সমালোচনা হচ্ছে। এতে দেখা যায়, শরণার্থীদের উদ্দেশে খাবারের ব্যাগ ছুড়ে দেওয়া হচ্ছে। অস্ট্রিয়ার একজন নারী ওই ভিডিও চিত্র ধারণ করেন। শরণার্থীদের সঙ্গে ‘পশুর’ মতো আচরণ করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। খোঁয়াড়ের জন্তুর প্রতি যে রকম আচরণ করা হয়, শরণার্থীদের সঙ্গেও তা-ই করা হচ্ছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। বিবিসির প্রতিবেদনে বলা হয়, হাঙ্গেরির সীমান্ত এলাকার কয়েকটি আশ্রয়শিবিরে মানবেতর অবস্থায় রয়েছে শরণার্থীরা। সেখানে সাংবাদিকদের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে। বিতর্কিত আলোকচিত্র ও ভিডিও প্রকাশের ঘটনায় বুদাপেস্টের কর্তৃপক্ষ এখনো কোনো মন্তব্য করেনি। তবে শরণার্থী সমস্যা মোকাবিলায় দেশটি যে ন্যূনতম মান বজায় রাখতে ব্যর্থ হচ্ছে, তা স্পষ্ট।
বলকান দেশগুলোর ওপর দিয়ে বিপুলসংখ্যক শরণার্থীর প্রবেশ নিয়ন্ত্রণ করতে গিয়ে হিমশিম খাচ্ছে হাঙ্গেরি। দেশটি এ সমস্যা নিয়ে দক্ষিণাঞ্চলীয় ইইউর বাইরের প্রতিবেশী সার্বিয়া বা মেসিডোনিয়ার মতো দেশগুলোর সঙ্গে আলোচনার জন্য গতকাল একটি প্রস্তাব দিয়েছে। আইন লঙ্ঘনকারী শরণার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়েছে বুদাপেস্টের কর্তৃপক্ষ। এদিকে, জার্মানির প্রতিরক্ষামন্ত্রী গতকাল বলেছেন, সপ্তাহান্তে বিপুলসংখ্যক শরণার্থীর প্রবেশের সময় প্রয়োজনীয় সহায়তার জন্য ৪ হাজার সেনা প্রস্তুত রাখা হয়েছে।
জাতিসংঘের হুঁশিয়ারি: ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোতে নির্দিষ্ট সংখ্যা বা কোটার ভিত্তিতে শরণার্থীদের জায়গা দেওয়ার পরিকল্পনাকে জাতিসংঘ গতকাল শুক্রবার স্বাগত জানালেও এটি বর্তমান সংকট নিরসনে জন্য যথেষ্ট নয় বলে হুঁশিয়ারি দিয়েছে। আর যুক্তরাষ্ট্র ১০ হাজার সিরীয় শরণার্থীকে জায়গা দেওয়ার যে প্রস্তাব দিয়েছে, তাকে স্বাগত জানিয়ে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) মুখপাত্র উইলিয়াম স্পিন্ডলার গতকাল জেনেভায় এক সংবাদ সম্মেলনে বলেন, যুদ্ধ ও নিপীড়ন থেকে রেহাই পেতে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া মানুষের বিপুল সংখ্যার তুলনায় মার্কিন প্রস্তাবটি অপর্যাপ্ত। যুক্তরাষ্ট্র অবশ্যই আরও বেশি মানুষকে আশ্রয় দিতে পারে এবং সেটাই তাদের করা উচিত।
মেসিডোনিয়ায় গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে মাত্র ১২ ঘণ্টায় প্রায় ৭ হাজার ৬০০ আশ্রয়প্রার্থী প্রবেশ করেছে।
যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়া ও লিবিয়াসহ মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়ার কয়েকটি দেশ থেকে গত কয়েক সপ্তাহে লাখ লাখ শরণার্থী ও অভিবাসী ইউরোপে পাড়ি জমায়। বিপজ্জনক নৌযানে চড়ে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে প্রাণ হারিয়েছে অনেকে। ইউরোপে পৌঁছানো শরণার্থীরা মূলত হাঙ্গেরি হয়ে জার্মানি, অস্ট্রিয়া ও সুইডেনের মতো সম্পদশালী ইইউর দেশে যেতে চায়। অস্ট্রিয়ার কর্তৃপক্ষ শরণার্থীদের প্রবেশ রুখতে হাঙ্গেরির সঙ্গে সংযোগ সড়ক ও রেল যোগাযোগ গতকাল বন্ধ করে দেয়।