কোলনের ঘটনায় অভিবাসী বিতাড়ন বাড়বে: জার্মানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মানির কোলন শহরে নববর্ষ উদ্যাপনের সময় নারীদের যৌন হয়রানির ঘটনার পর অভিবাসীদের বিতাড়নের হার বাড়বে। দেশটির বিচারমন্ত্রী হাইকো মাস গতকাল বুধবার এ কথা বলেছেন। খবর রয়টার্সের।
কোলন শহরে নববর্ষ উদ্যাপনের রাতে বহু নারী যৌন হয়রানি ও ছিনতাইয়ের শিকার হন। এ ঘটনায় জড়িত বলে যাদের সন্দেহ করা হচ্ছে, তাদের বেশির ভাগই উত্তর আফ্রিকা ও আরব দেশগুলোর অভিবাসী। এ নিয়ে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের উদার অভিবাসননীতির সমালোচনা শুরু হয়, যার আওতায় এক গত বছরেই জার্মানিতে ঢুকতে পেরেছে ১১ লাখের বেশি অভিবাসী। তবে কোলনের ঘটনার পর অভিবাসী প্রশ্নে কঠোর হতে শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ।
বিচারমন্ত্রী মাস ও স্বরাষ্ট্রমন্ত্রী থমাস দ্য মেজিয়া গত মঙ্গলবার একটি পরিকল্পনার খসড়া উপস্থাপন করেন, যার আওতায় কোলন শহরে ঘটনায় জড়িত বিদেশি নাগরিকদের দ্রুততার সঙ্গে বিতাড়িত করা যাবে। জার্মানির বর্তমান আইনের আওতায় এসব অপরাধের বেশির ভাগ ক্ষেত্রেই বিদেশিদের বিতাড়নের সুযোগ নেই।
বিচারমন্ত্রী মাস জার্মানির টেলিভিশন চ্যানেল এআরডিকে বলেন, বিদ্যমান আইনগুলোতে পরিবর্তন আনার মাধ্যমে নিশ্চিতভাবেই অধিকসংখ্যক বিদেশিকে বিতাড়নের আদেশ দেওয়া যাবে। তবে এরপরও যেসব দেশ যুদ্ধপীড়িত, সেসব দেশের নাগরিকদের বিতাড়ন করা হবে না বলেও জানান তিনি।