কোটি টাকায় বিক্রি হলো বিশ্বের প্রথম এসএমএস
বিশ্বের প্রথম এসএমএসটি ১৯৯২ সালের ৩ ডিসেম্বর, অর্থাৎ ২৯ বছর আগে পাঠানো হয়েছিল। তখন বড়দিনের মৌসুম চলছিল। সেই সময়েই ভোডাফোনের ব্যবস্থাপক রিচার্ড জারভিসকে এ বার্তা পাঠিয়েছিলেন প্রকৌশলী ২২ বছরের নিল প্যাপওয়ার্থ। ১৫টি অক্ষরের এ বার্তায় লেখা ছিল ‘মেরি ক্রিসমাস’।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, সেই বার্তাই মঙ্গলবার ১ লাখ ২১ হাজার মার্কিন ডলারে (১ কোটি ৩ লাখ ৮০ হাজার টাকা) ‘নন-ফাঞ্জিবল টোকেন’ বা এনএফটি হিসেবে বিক্রি হয়েছে। প্যারিসের একটি নিলামকারী প্রতিষ্ঠান এ নিলামের আয়োজন করে। যুক্তরাজ্যের টেলিকম প্রতিষ্ঠান ভোডাফোন এর নিলাম ডাকে।
অনলাইন দুনিয়ায় এখন এনএফটি নিয়ে ব্যাপক শোরগোল চলছে। বিনিময়যোগ্য ভার্চ্যুয়াল উপাদানগুলোকে এনএফটি বা নন-ফাঞ্জিবল টোকেন বলা হয়। এটি অনেকটা বিটকয়েনের মতো। কেবল পার্থক্য হলো, প্রতিটি এনএফটি অনন্য। সে কারণেই এমন চড়া দামে বিক্রি হয়। ২০১৭ সাল থেকে ডিজিটাল সম্পত্তি হিসেবে এনএফটি কেনাকাটা করা যাচ্ছে।
আগুটস অকশন হাউসের উন্নয়ন প্রধান ম্যাক্সিমিলিয়েন আগুতেস বলেন, ভোডাফোনের দুই কর্মকর্তা বছরের শেষের একটি অনুষ্ঠানের মাঝামাঝি সময়ে ছিলেন। তাই মেরি ক্রিসমাস বলে বার্তাটি পাঠিয়েছিলেন।
আগুটস বলেন, অস্পষ্ট পণ্য বিক্রি ফ্রান্সে বৈধ নয় এবং তাই নিলামকারী প্রতিষ্ঠান ডিজিটাল ফ্রেমে পাঠ্য বার্তাটি প্যাকেজ করে প্রদর্শন করছে। ক্রেতা মূল এসএমএসের যোগাযোগ প্রটোকলের প্রতিরূপ পাবেন। এখান থেকে পাওয়া অর্থ জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরে দেওয়া হবে।