কোমিকে আশ্রয় দিতে প্রস্তুত রাশিয়া!
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, বরখাস্ত হওয়া যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) সাবেক প্রধান জেমস কোমিকে আশ্রয় দিতে প্রস্তুত রয়েছে তাঁর দেশ! গতকাল বৃহস্পতিবার দেশবাসীর সঙ্গে টেলিফোনে এক প্রশ্নোত্তর অনুষ্ঠানে রসিকতা করে এ কথা বলেন পুতিন।
কোমির ব্যাপারে এক প্রশ্নের জবাবে পুতিন বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্কের অবনতির কারণে কোমিকে যদি নিপীড়নের মুখে পড়তে হয়, তাহলে রাশিয়া তাঁকে আশ্রয় দিতে প্রস্তুত রয়েছে। তিনি এ সময় বিস্ময় প্রকাশ করে বলেন, ট্রাম্পের সঙ্গে যে আলোচনা হয়েছিল কোমির, তা এক বন্ধুর মাধ্যমে তিনি (কোমি) সংবাদমাধ্যমকে জানিয়ে দিয়েছেন। পুতিন বলেন, ‘তাহলে এফবিআইয়ের পরিচালক আর এডওয়ার্ড স্নোডেনের মধ্যে কী পার্থক্য থাকল?’
যুক্তরাষ্ট্রের গোপন তথ্য ফাঁস করে দেওয়ার কারণে সে দেশের জাতীয় নিরাপত্তা সংস্থার একসময়ের সদস্য এডওয়ার্ড স্নোডেন এখন রাশিয়ার আশ্রয়ে রয়েছেন। ২০১৩ সালে তিনি এই আশ্রয় প্রার্থনা করেন। আর গত বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য রুশ হস্তক্ষেপের বিষয়ে তদন্ত করছিলেন এফবিআইয়ের সাবেক প্রধান জেমস কোমি। এরই একপর্যায়ে হঠাৎ করেই তাঁকে বরখাস্ত হতে হয়।
প্রশ্নোত্তর পর্বে পুতিন বলেন, এ ক্ষেত্রে কোমি কোনো বিশেষ সংস্থার প্রধান নন। তবে তিনি একজন মানবাধিকারকর্মী, যিনি একটা বিশেষ অবস্থানে রয়েছেন। পুতিন বলেন, ‘তিনি (কোমি) যদি কোনো ধরনের নিপীড়নের মুখে পড়েন, তাহলে রাশিয়া তাঁকে রাজনৈতিক আশ্রয় দিতে প্রস্তুত রয়েছে এবং এটা তাঁর জানা উচিত।’