কোলনে যৌন নিপীড়নের ঘটনায় প্রথম একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মানির কোলনে নববর্ষের রাতে যৌন নিপীড়নের ঘটনায় জড়িত সন্দেহে আলজেরীয় এক আশ্রয়প্রার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। ওই ঘটনায় সন্দেহভাজন হিসেবে এই প্রথম কাউকে গ্রেপ্তার করা হলো।

কার্পেন শহরের একটি শরণার্থী আশ্রয়কেন্দ্র থেকে ২৬ বছর বয়সী ওই তরুণকে গ্রেপ্তার করা হয়। তবে তাঁর নাম প্রকাশ করা হয়নি। তাঁর বিরুদ্ধে একজন নারীকে হয়রানি এবং তাঁর মোবাইল ফোন চুরির অভিযোগ আনা হয়েছে।

কোলনের পুলিশ জানিয়েছে, নববর্ষের রাতের ঘটনায় ৮৮৩ জন বাসিন্দা পুলিশের কাছে অভিযোগ করেছেন। তাদের মধ্যে ৪৯৭ জন নারী যৌন নিপীড়নের অভিযোগ করেছেন। পুলিশ বলছে, সে রাতে ৭৬৬টি অপরাধের ঘটনা ঘটেছে, যার মধ্যে তিনজনকে ধর্ষণ করা হয়েছে।

কোলনের হামলার ঘটনার পর পুরো জার্মানিতে ক্ষোভ ছড়িয়ে পড়ে। দেশটিতে শরণার্থী-বিরোধী মনোভাব বাড়ছে। জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল শরণার্থীদের জন্য নিজ দেশের দরজা খুলে দেওয়ার নীতির কারণে সমালোচিত হন।