কৌশল পরিবর্তন করছেন পুতিন: হোয়াইট হাউস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
ছবি : রয়টার্স

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেছেন, মার্কিন গোয়েন্দা সংস্থা তথ্য প্রকাশ করায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাঁর কৌশল পরিবর্তন করেছেন।

যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, ইউক্রেন সংকট প্রসঙ্গে জেন সাকি বলেন, ‘প্রেসিডেন্ট পুতিন প্রত্যাশা করেননি, যুক্তরাষ্ট্রের কাছে এই পর্যায়ের তথ্য থাকবে। তিনি প্রত্যাশা করেননি, আমরা এই পরিমাণ তথ্য তুলে ধরতে সক্ষম হব।’

রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ প্রসঙ্গে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি বলেন, রুশ প্রেসিডেন্ট এটাও প্রত্যাশা করেননি যে, আন্তর্জাতিক সম্প্রদায় এভাবে একতাবদ্ধ হবে এবং জোটবদ্ধভাবে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করবে।

জেন সাকি বলেন, ‘আমাদের মূল্যায়ন হলো, আমাদের পদক্ষেপের পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট পুতিন এখন কী কী পদক্ষেপ নেবেন, তাতে পরিবর্তন আনছেন।’ এ ছাড়া পুতিন কৌশলেও পরিবর্তন আনছেন বলে মন্তব্য করেছেন তিনি।

ইউক্রেন ইস্যুতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পদক্ষেপের প্রতিক্রিয়ায় রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা আসছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জাপান ছাড়াও ইউরোপের ২৭ দেশের জোট ইউরোপীয় ইউনিয়ন ইতিমধ্যে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে। রাশিয়া আগ্রাসী ভূমিকা নিলে নিষেধাজ্ঞা আরও বাড়ানোর হুমকি দিয়েছে তারা।

এ ছাড়া ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার আওতায় আসছেন রাশিয়ার ৩৫১ আইনপ্রণেতা। ইইউর ব্যাংকগুলোতে থাকা রাশিয়ার তহবিল আটকে দেওয়ার প্রক্রিয়াও চলছে। জার্মানি রাশিয়া থেকে গ্যাস নেওয়ার জন্য চলমান নর্ড স্ট্রিম ২ গ্যাস পাইপলাইন প্রকল্প স্থগিত রাখার ঘোষণা দিয়েছে।

এই গ্যাস পাইপলাইন প্রসঙ্গে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি বলেন, এই পাইপলাইনের কাজ আর এগোবে না। আগামী কিছুদিনের মধ্যে এই পাইপলাইনের কার্যক্রমও শুরু হবে না।