ক্যানসার চিকিৎসায় আশা দেখাচ্ছে ইমিউনোথেরাপি
ক্যানসার চিকিৎসায় কেমোথেরাপি বিশ্বজুড়ে পরিচিত। এই পদ্ধতিতে দেহে ক্যানসারের জীবাণু বৃদ্ধি রুখে দেওয়া হয় কিংবা ক্যানসারের কোষগুলোকে ধ্বংস করে রোগীকে সারিয়ে তোলার চেষ্টা করা হয়। তবে নতুন এক গবেষণায় বিজ্ঞানীরা দাবি করেছেন, কেমোথেরাপির চেয়ে ইমিউনোথেরাপি ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে বেশি কার্যকর। এই পদ্ধতিতে ক্যানসারের জীবাণুর বিরুদ্ধে দেহের প্রতিরোধক্ষমতা বাড়িয়ে দেওয়া হয়।
পরীক্ষামূলকভাবে ইমিউনোথেরাপির মাধ্যমে প্রাপ্ত ফল ইউরোপীয় ক্যানসার কংগ্রেসে উপস্থাপন করেছেন বিজ্ঞানীরা। তাঁরা বলেছেন, ইমিউনোথেরাপি ক্যানসারবিরোধী লড়াইয়ে ‘বড় ধরনের পরিবর্তন’ আনবে। তাঁরা গবেষণা করে দেখেছেন, বিশেষ করে মাথা ও গলার ক্যানসারে কেমোথেরাপির চেয়ে এই পদ্ধতি অনুসরণ করে বেশিসংখ্যক রোগীকে বাঁচানো সম্ভব হয়েছে। এ ক্ষেত্রে বিজ্ঞানীরা নিভোলুম্যাব অ্যান্টিবডি ব্যবহার করেছেন, যা রক্তের শ্বেতকণিকার টি-কোষগুলোকে (টি-লিম্ফোসাইট) ক্যানসারের আক্রমণ থেকে রক্ষা করে। সেই সঙ্গে ক্যানসারের কোষগুলোকে বের করে দিতে দেহের রোগ প্রতিরোধব্যবস্থাকে সহায়তা করে।
নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন-এ প্রকাশিত এ গবেষণার প্রতিবেদনে বলা হয়েছে, ৩৫০ জনেরও বেশি রোগীর ওপর পরীক্ষা চালিয়ে দেখা গেছে, চিকিৎসার এক বছর পর ইমিউনোথেরাপি নেওয়া রোগীদের ৩৬ শতাংশ বেঁচে ছিলেন, যেখানে কেমোথেরাপি নেওয়া ১৭ শতাংশ রোগী বাঁচতে পেরেছেন।
মাথা ও গলার ক্যানসারের গবেষণায় নেতৃত্ব দিয়েছেন লন্ডনের রয়্যাল মার্সডেন হাসপাতালের কনসালট্যান্ট এবং ইনস্টিটিউট অব ক্যানসার রিসার্চের অধ্যাপক কেভিন হারিংটন। তিনি বলেন, ‘যেসব রোগীর বাঁচার আশাই ছিল না, তাঁদের ক্ষেত্রেও এই চিকিৎসাপদ্ধতি জীবনকে দীর্ঘায়িত করতে সক্ষম হয়েছে।’
অপর এক গবেষণায় বিজ্ঞানীরা দেখেছেন, নিভোলুম্যাবের সঙ্গে টিউমার সারিয়ে তুলতে সক্ষম ওষুধের সমন্বিত প্রয়োগে কিডনি ক্যানসারে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে দারুণ ফল পাওয়া গেছে।