ভূমধ্যসাগরের লিবীয় উপকূলের কাছে গত রোববার নৌযান ডুবে কয়েক শ অভিবাসীর মৃত্যুর ঘটনায় এর ক্যাপ্টেনকে অভিযুক্ত করা হয়েছে। ইতালির আইনি কর্মকর্তারা গতকাল মঙ্গলবার এ কথা জানিয়েছেন। ক্যাপ্টেনের কয়েকটি ভুল এবং অতিরিক্ত যাত্রী তোলাকে ওই দুর্ঘটনার কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। খবর এএফপি ও বিবিসির।
নিমজ্জিত নৌযানটির ক্যাপ্টেনের দায়িত্বে ছিলেন তিউনিসিয়ার একজন নাবিক। তাঁর নাম আলি মালেক, বয়স ২৭ বছর। তিনি এবং সিরিয়ার নাবিক মাহমুদ অবৈধ অভিবাসীদের ইউরোপ পৌঁছাতে সহযোগিতা করছিলেন বলে অভিযোগ আনা হয়েছে। যে ২৮ জন আরোহীকে জীবিত পাওয়া গেছে, তাঁদের মধ্যে এ দুজন রয়েছেন। বহু মানুষকে হত্যা, দুর্ঘটনা এবং অবৈধ অভিবাসীদের সহযোগিতার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
একটি বাণিজ্যিক জাহাজের কাছাকাছি যাওয়ার পর অভিবাসীদের বহনকারী নৌযানটি ডুবে যায়। এ দুর্ঘটনায় প্রায় ৮০০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। তাদের মধ্যে সিরিয়া, ইরিত্রিয়া, সোমালিয়া, মালি, সিয়েরা লিওন ও সেনেগালের নাগরিকই বেশি।
লিবিয়ার ত্রিপোলি থেকে শনিবার সকালে নৌযানটি যাত্রা শুরু করে। একপর্যায়ে এতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। রাত ১০টার দিকে নৌকাটি আরও কয়েকটি বাণিজ্যিক নৌযানের কাছাকাছি যায়। একসময় পর্তুগিজ পণ্যবাহী একটি নৌযানের সঙ্গে ধাক্কা লেগে অভিবাসীবাহী নৌযানটি ভারসাম্য হারিয়ে ফেলে। তখন এর অনেক আরোহী পানিতে পড়ে যান এবং নৌকাটিও ডুবে যায়।
সিসিলির তাতানিয়া শহরের আইনি কর্মকর্তারা বলেছেন, বেদনাদায়ক এ দুর্ঘটনার দায় নৌযানটির নাবিকদের। ক্যাপ্টেন ভুল করেন এবং শত শত অভিবাসী আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতে থাকেন। তাই ৬৬ ফুট দীর্ঘ নৌযানটি ভারসাম্য হারিয়ে নিমজ্জিত হয়।
৩০ জন উদ্ধার: তুরস্কের কোস্টগার্ড জানিয়েছে, ভূমধ্যসাগর-সংলগ্ন ইজিয়ান সাগরে গ্রিসগামী একটি ডুবন্ত নৌযান থেকে তারা ৩০ জন সিরীয় নাগরিককে উদ্ধার করেছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাতোলিয়া গতকাল মঙ্গলবার এ খবর জানায়।
আনাতোলিয়া জানায়, ওই অভিবাসীরা বদরুম নামের একটি তুর্কি অবকাশকেন্দ্র থেকে গ্রিসের একটি দ্বীপে যাওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু ঝড়ের কবলে পড়ে তাঁদের নৌকাটিতে পানি উঠতে শুরু করে। সোমবার দিন শেষের দিকে নৌকাটি বদরুম থেকে যাত্রা করেছিল বলে কোস্টগার্ডের ধারণা।
আনাতোলিয়া জানায়, নৌকাটি ডুবে যাওয়ার সময় শেষ মুহূর্তে একটি শিশুসহ সব আরোহীকে উদ্ধার করা হয়। তবে এর আগে পাচারকারীরা কিছু অভিবাসীকে পানিতে ঝাঁপ দিতে বাধ্য করে। পুলিশ নৌকাটির ক্যাপ্টেনকে চিহ্নিত করার চেষ্টা করছে।
সংবাদ সংস্থা আরও জানায়, ইউরোপে অবৈধ উপায়ে পাড়ি জমানোর চেষ্টার আগে ওই অভিবাসীদের অনেকেই কিছু সময়ের জন্য বন্দী ছিলেন।
সিরিয়ার গৃহযুদ্ধের কারণে দেশটির প্রায় ১৮ লাখ নাগরিক তুরস্কে আশ্রয় নিয়েছে। তুলনামূলক উন্নত জীবনযাত্রার আশায় ইউরোপ গমনেচ্ছু ব্যক্তিদের অন্যতম প্রধান ট্রানজিট রুট হিসেবে দেশটি ব্যবহৃত হচ্ছে। ঝুঁকিপূর্ণ হওয়া সত্ত্বেও ইউরোপগামী নৌকায় একটি আসন পেতে অনেকে মানব পাচারকারীদের মোটা অঙ্কের অর্থ দিয়ে থাকেন।