ক্যাফেতে মোবাইল চার্জ ফ্রি নয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো ক্যাফেতে খেতে গিয়ে দেখা গেল, মোবাইল ফোনে চার্জ নেই। ব্যস, অমনি ক্যাফের প্লাগে মোবাইল ফোনটি চার্জ দেওয়া তেমন বড় কোনো ঘটনা নয়। এর জন্য অনুমতির কিংবা বাড়তি কোনো অর্থেরও দরকার হয় না। কিন্তু এখন থেকে আর তা হবে না। ক্যাফেতে মোবাইল ফোন চার্জ দেওয়া যাবে বটে, তবে এর জন্য আলাদা বিল দিতে হবে ওই ক্যাফের মালিককে।

আজ বৃহস্পতিবার বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার একটি ক্যাফের মালিক সম্প্রতি এই নিয়ম জারি করেছেন।

প্রতিবেদনে বলা হয়, ওই ক্যাফের মালিকের নাম গালিনা পোকোরনি। সম্প্রতি এক ক্রেতা তাঁর ক্যাফেতে গিয়ে প্রায় ঘণ্টাখানেক মোবাইল ফোন চার্জ দেন। এই চার্জ বাবদ পোকোরনি ওই ব্যক্তির কাছ থেকে ১ ইউরো (প্রায় ৮৫ টাকা) আদায় করেন।

গালিনা পোকোরনি বলেন, ‘পর্যটকেরা এসে শুধু বিদ্যুৎ বিদ্যুৎ করেন। দুঃখিত, এর জন্য আমাকে কে বিল দেবে? কফি পানের ১৫ মিনিটে কেউ মোবাইল ফোন চার্জ দিলে সেটা ঠিক আছে। কিন্তু এর বেশি কেউ চার্জ দিলে তাঁকে তার বিল দিতে হবে।’ শুধু মোবাইল ফোন নয় কেউ ল্যাপটপ ও ট্যাবলেট চার্জ দিলেও বিল দিতে হবে ক্যাফের মালিককে।

গালিনা পোকোরনি আরও বলেন, ‘আমি একটি ক্যাফে চালাই। এটা কোনো ইন্টারনেটের ক্যাফে নয়। এটা খুবই বাড়াবাড়ি হয়ে যাচ্ছে যে, মানুষ এখানে এসে ভাবছেন, খাওয়া বাদে সবকিছুই ফ্রি। কিন্তু আপনি সকালবেলা ঘুম থেকে জেগে চোখও একদম ফ্রিতে খুলতে পারেন না।’

এ বিষয়ে অনেকে একমত পোষণ করলেও কেউ কেউ মোবাইল ফোন চার্জের বিল অতিরিক্ত নেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন।