ক্যামেরন সরকার সমাজ বিভক্ত করছে: ডানকান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদ্য পদত্যাগী ব্রিটিশ মন্ত্রী ইয়ান ডানকান স্মিথ বলেছেন, ক্যামেরন সরকার সমাজকে বিভক্ত করছে। প্রতিবন্ধীদের কল্যাণ তহবিলে সরকারি কাটছাঁটের পদক্ষেপকে অসমর্থনযোগ্য বলে গত শুক্রবারই পদত্যাগ করেন কল্যাণ ভাতা-বিষয়ক মন্ত্রী স্মিথ। এরপর গতকাল রোববার বিবিসিকে দেওয়া প্রথম সাক্ষাৎকারে এই অভিযোগ করলেন তিনি।
স্মিথ ‘ব্যয় সংকোচনের বেপরোয়া’ সন্ধানকাজের সমালোচনা করেন।
স্মিথের এই পদত্যাগকে ব্রিটিশ প্রধামন্ত্রী ডেভিড ক্যামেরনের জন্য একটি ধাক্কা বলে মনে করা হচ্ছে। ক্যামেরন বলেন, তিনি ডানকান স্মিথের পদত্যাগে হতাশ ও বিমূঢ় হয়েছেন। সরকারি তহবিলের কাটছাঁটের সিদ্ধান্ত সবার সম্মতিতেই নেওয়া হয়েছে বলে মন্তব্য করেন ক্যামেরন।
তবে ডানকান স্মিথ বলেন, প্রতিবন্ধী কল্যাণ তহবিলে পরিবর্তন আনার বিষয়ে তিনি আলোচনার পক্ষে ছিলেন। কিন্তু গত সপ্তাহের বাজেটে ব্যয় সংকোচনের জন্য প্রচণ্ড চাপ সৃষ্টি করা হয় তাঁর ওপর। তিনি বলেন, যেভাবে বাজেটে কাটছাঁট করা হয়েছে তা অবৈধ। কেননা, এ বাজেটেই ধনী ব্যক্তিদের করের বোঝা কমানো হয়েছে।
সরকারের এ ধরনের ‘একপেশে’ সিদ্ধান্তের বিরোধিতা করে স্মিথ বলেন, এর ফলে সরকার সমাজে নানা প্রজন্মের মধ্যে যে ভারসাম্য, তা নষ্ট করার চেষ্টা করছে। তিনি বলেন, তিনি সরকার থেকে এক প্রকার বিচ্ছিন্নই হয়ে গিয়েছিলেন। তিনি বলেন, ‘যারা আমাদের ভোট দেয় না, তাদের বিষয়ও ভাবতে হবে। রক্ষণশীল দলকে এমন মনোভাব পোষণ করতে হবে।’
ডানকান স্মিথ বলেন, সরকার এমনভাবে চলছে, যাতে সামাজিক ঐক্য ধরে না রেখে বরং বিভক্তির ঝুঁকি দেখা দিতে পারে।