ক্যালে বন্দর থেকে অভিবাসী উচ্ছেদ শুরু
ফ্রান্সের ক্যালে বন্দরের ‘জঙ্গল’ নামে পরিচিত আশ্রয়কেন্দ্র থেকে অভিবাসীদের গতকাল সোমবার উচ্ছেদ শুরু করেছে কর্তৃপক্ষ। পুলিশের অন্তত ১ হাজার ২০০ সদস্য এ অভিযানে অংশ নেন। ইউরোপে আশ্রয়প্রার্থী প্রায় সাত হাজার মানুষ সেখানে পলিথিনের ঝুপড়িতে অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করছিল।
পুলিশ জানায়, তারা ওই অভিবাসীদের শান্তিপূর্ণভাবে স্থানান্তর করতে চায়। তাদের জন্য প্রথম দফায় প্রায় ৬০টি গাড়ির ব্যবস্থা করা হয়েছে। এসব পরিবহনে চড়ে তারা ফ্রান্সের বিভিন্ন অঞ্চলের কয়েকটি শরণার্থী শিবিরে পৌঁছে যেতে পারবে। আজ মঙ্গলবারের মধ্যেই উচ্ছেদকাজ শেষ হওয়ার কথা।
পুলিশ আশঙ্কা করেছিল, ওই অভিবাসীদের কেউ কেউ ক্যালের আশ্রয়কেন্দ্র ছাড়তে রাজি হবেন না। কারণ তাঁরা ওখান থেকে যুক্তরাজ্যে প্রবেশ করতে চান। এ নিয়ে পুলিশের সঙ্গে সম্প্রতি তাঁরা কয়েক দফা সংঘর্ষও করেছেন।
যুক্তরাজ্য ওই অভিবাসীদের মধ্য থেকে প্রায় ১ হাজার ৩০০ জন নিঃসঙ্গ শিশুকে জায়গা দিচ্ছে। প্রথম দফায় তাদের কয়েকজন ইতিমধ্যে ব্রিটেনে পৌঁছে গেছে। উচ্ছেদ অভিযানের কারণে অন্যদের স্থানান্তরপ্রক্রিয়া স্থগিত রয়েছে। ক্যালের ওই আশ্রয়কেন্দ্রের অভিবাসীদের বিভিন্ন শ্রেণিতে ভাগ করে নিচ্ছে কর্তৃপক্ষ। এসবের মধ্যে রয়েছে নিঃসঙ্গ ব্যক্তি, সপরিবারে অভিবাসী এবং ঝুঁকিপূর্ণ ইত্যাদি। সংবাদমাধ্যম বলছে, ক্যালে বন্দরে গতকাল উচ্ছেদ অভিযানের সময় অভিবাসীরা মোটামুটি শান্তিপূর্ণ আচরণ করেছে। তবে সুদানের এক ব্যক্তি চিৎকার করে বলছিলেন, ‘আমাদের সব আশা ফুরিয়ে গেছে।’
ফ্রান্সের সমাজতন্ত্রী সরকার বলছে, তারা ক্যালের ওই আশ্রয়কেন্দ্র একেবারে বন্ধ করে দিচ্ছে। যুদ্ধ ও দারিদ্র্য থেকে বাঁচতে দেশ ছেড়ে পালিয়ে বহু মানুষ সেখানে আশ্রয় নিয়েছিল। মানবিক কারণে তাদের জায়গা দিয়েছে ফ্রান্স। এখন
তাদের বিভিন্ন দলে ভাগ করে দেশের ৪৫০টি শরণার্থী শিবিরে পাঠিয়ে দেওয়া হচ্ছে।