ক্রোয়েশিয়া ও সার্বিয়ার গণহত্যার দাবি নাকচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রোয়েশিয়া ও সার্বিয়া একে অন্যের বিরুদ্ধে গণহত্যার যে অভিযোগ তুলেছিল তা নাকচ করে দিয়েছেন আন্তর্জাতিক বিচারালয় (আইসিজে)। জাতিসংঘের এ সর্বোচ্চ আদালত নব্বইয়ের দশকের রক্তাক্ত বলকান যুদ্ধ নিয়ে গতকাল মঙ্গলবার এই রায় দেন। খবর বিবিসির।
ক্রোয়েশিয়ার সরকার অভিযোগে বলেছিল, সার্বিয়া ভুকোভার শহরসহ বিভিন্ন এলাকায় ১৯৯১ সালে গণহত্যা চালায়। পরে সার্বিয়া ক্রোয়েশিয়া থেকে দুই লাখের বেশি জাতিগত সার্বকে বিতাড়িত করার বিষয়ে আদালতে পাল্টা অভিযোগ তুলেছিল। ১৯৯১ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত চলা বলকান যুদ্ধে প্রায় ২০ হাজার মানুষের প্রাণহানি ঘটে, যার বেশির ভাগই ক্রোয়াট।
১৯৯১ সালে সার্ব বাহিনী তিন মাস দখল করে রাখার সময় ক্রোয়েশিয়ার ভুকোভার এক বিধ্বস্ত শহরে পরিণত হয়। বাড়িঘর ছাড়া হয় হাজার হাজার ক্রোয়াট। ওই ঘটনার চার বছর পর ক্রোয়েশিয়ার সামরিক বাহিনীর চালানো অপারেশন স্টর্ম অভিযানের আওতায় সার্ব-অধ্যুষিত ক্রাইনা এলাকায় বোমাবর্ষণ করা হয়। এতে সেখানকার প্রায় দুই লাখ লোক বাড়িঘর ছাড়া হয়।
আইসিজের বিচারক পিটার টোমকা গতকাল তাঁর রায়ে ক্রোয়েশিয়ার দাবি ও সার্বিয়ার পাল্টা দাবি উভয়টিই নাকচ করে দেন। তিনি বলেন, ওই যুদ্ধের সময় উভয় পক্ষের বাহিনীই সহিংস কাজ করেছে। তবে দুই পক্ষের কেউই এমন কোনো সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ হাজির করতে পারেনি, যাতে পরিকল্পিত গণহত্যার বিষয়টি প্রমাণ করা যায়।
হেগভিত্তিক আইসিজেতে ক্রোয়েশিয়া মামলাটি করেছিল ১৯৯৯ সালে। এতে অভিযোগ করা হয়, যুদ্ধের সময় সার্বরা তাদের প্রেসিডেন্ট স্লোবোদান মিলোসেভিচের নেতৃত্বে ক্রোয়াটদের লক্ষ্যবস্তু করেছিল।
২০১০ সালে সার্বিয়ার তোলা পাল্টা অভিযোগে বলা হয়, সার্বদের দখল করা ভূখণ্ড পুনরুদ্ধারে ক্রোয়েশিয়া ১৯৯৫ সালে অভিযান চালিয়ে অনেক সার্বকে বিতাড়িত করে।
বিশ্লেষকেরা বলছেন, গণহত্যার বিষয়টি আন্তর্জাতিক অপরাধগুলোর মধ্যে সবচেয়ে মারাত্মক হলেও আদালতে তা প্রমাণ করা কঠিন।
গতকাল রায় ঘোষিত হওয়ার পর সার্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইভিচা দাসিচ বলেছেন, এই রায় সার্বিয়া ও ক্রোয়েশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা।
বলকান যুদ্ধ নিয়ে সার্বিয়া ও ক্রোয়েশিয়ার মধ্যে দা-কুমড়া সম্পর্ক তৈরি হলেও সাম্প্রতিক বছরগুলোতে সম্পর্কে উন্নতি ঘটে।