ক্রোয়েশিয়া সীমান্ত বন্ধ, শরণার্থীরা স্লোভেনিয়ায়
হাঙ্গেরির কর্তৃপক্ষ শরণার্থীদের প্রবেশ ঠেকাতে ক্রোয়েশিয়ার সঙ্গে তার সীমান্ত বন্ধ করে দিয়েছে। ওই শরণার্থীদের এখন ক্রোয়েশিয়া থেকে স্লোভেনিয়ার দিকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। শরণার্থীদের বহনকারী কয়েকটি বাস গতকাল শনিবার স্লোভেনিয়ায় প্রবেশও করেছে। খবর বিবিসির।
মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়ার কয়েকটি দেশ থেকে দলে দলে শরণার্থী ও অভিবাসন-প্রত্যাশী ইউরোপে যাওয়ার পর হাঙ্গেরির ওপর দিয়ে অস্ট্রিয়া ও জার্মানিতে প্রবেশের চেষ্টা করে। সার্বিয়ার সঙ্গে সীমান্ত আগেই বন্ধ করে দিয়েছে হাঙ্গেরি। ক্রোয়েশিয়ার সঙ্গে সীমান্তও গত শুক্রবার রাতে পুরোপুরি বন্ধ করে দেওয়ার পর হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পেতার সিয়েইয়ার্তো বলেন, ‘আমরা জানি, এটা সবচেয়ে ভালো সমাধান নয়। শরণার্থীরা সীমান্তে গিয়ে হাঙ্গেরিতে আশ্রয়ের জন্য আবেদন করতে পারবেন।’
স্লোভেনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ভেসনা গিয়রকর নিদার বলেন, ক্রোয়েশিয়া সীমান্ত এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। অস্ট্রিয়া ও জার্মানি যত দিন তাদের সীমান্ত খোলা রাখবে, স্লোভেনিয়াও তত দিন শরণার্থীদের প্রবেশের সুযোগ দেবে।
সমঝোতা চূড়ান্ত হয়নি: ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে তুরস্কের আলোচনায় চূড়ান্ত কোনো সমঝোতা হয়নি বলে তুর্কি কর্মকর্তারা শুক্রবার জানিয়েছেন। দুই পক্ষের মধ্যে একটি সমঝোতা হয়েছে বলে কোনো কোনো সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল। এতে বলা হয়, তুরস্ক যদি তার দেশে শরণার্থীদের প্রবেশ বন্ধ করে দেয়, তাহলে তুরস্কের নাগরিকদের জন্য ইউরোপীয় ভিসা সহজ করতে ইইউর নেতারা রাজি আছেন। পাশাপাশি তুরস্ককে আরও বেশি আর্থিক সহায়তারও প্রতিশ্রুতি তাঁরা দিয়েছেন।
তুরস্কের উপকূলে ১২ শরণার্থীর মৃত্যু : তুরস্কের উপকূলের কাছে গতকাল শনিবার নৌকা ডুবে ১২ শরণার্থীর মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে প্রায় ২৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাঁরা গ্রিসে যাওয়ার চেষ্টা করেছিলেন।
গ্রিস উপকূলে নৌকা ডুবে চারজনের মৃত্যু: গ্রিসের উপকূলের কাছাকাছি শুক্রবার দিবাগত রাতে একটি রাবারের নৌকা ডুবে তিন শিশু ও এক নারীর মৃত্যু হয়েছে। এ ছাড়া নিখোঁজ রয়েছে আরও একটি শিশু। গ্রিসের কোস্টগার্ড এ দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে। রয়টার্স জানায়, কোস্টগার্ড উদ্ধার অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ১৩ জনকে উদ্ধার করেছে।