ক্ষমতা প্রদর্শনে রাশিয়ার বিশাল সামরিক মহড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষমতা প্রদর্শনে বিশাল এক সামরিক মহড়ার আয়োজন করেছে রাশিয়া। স্নায়ুযুদ্ধ-পরবর্তী সময়ে এত বড় সামরিক মহড়ার আয়োজন এর আগে আর করেনি দেশটি। আগামী ১৭ সেপ্টেম্বর শুরু হওয়া এই মহড়া চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। এরই মধ্যে বেলারুশ ও রাশিয়ার ছিটমহল কালিনিনগ্রাদে রুশ সেনারা পৌঁছাতে শুরু করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগে মার্কিন কংগ্রেস মস্কোর ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। মস্কোর বিরুদ্ধে অভিযোগ এবং নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কে আবারও অবনতি ঘটেছে। অনেকেই মনে করছেন, এই পরিপ্রেক্ষিতেই ক্ষমতা প্রদর্শনে রাশিয়া এ মহড়ার আয়োজন করেছে। গত দশকজুড়ে দেশটির সশস্ত্র বাহিনী দ্রুত আধুনিকায়নের মধ্যে দিয়ে গেছে।

মস্কো অবশ্য দাবি করেছে, প্রতি চার বছর অন্তর নিয়মিত মহড়ার অংশ হিসেবেই এবারের মহড়ার আয়োজন করা হয়েছে। জাপাড-১৭ নামের এই মহড়ার পরিকল্পনা অনেক আগে থেকে করা হয়েছে এবং সাম্প্রতিকতম নিষেধাজ্ঞার সঙ্গে এর কোনো যোগসূত্র নেই। বেলজিয়ামের ব্রাসেলসে ন্যাটোর সদর দপ্তর থেকে বলা হয়েছে, রাশিয়ার সীমান্তে দেশটির সেনাসংখ্যা বাড়ানোর পরিপ্রেক্ষিতে কোনো প্রতিক্রিয়া দেখানোর পরিকল্পনা তাদের নেই। ন্যাটোর এক কর্মকর্তা বলেন,  ওই মহড়া চলাকালে ন্যাটোর কোনো মহড়ার পরিকল্পনা নেই।

তবে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স গত জুলাই মাসে এস্তোনিয়া সফরে গিয়ে জাপাড-১৭ এবং সে দেশে মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনের সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন।

পূর্ব-পশ্চিম সম্পর্কের অবনতির জন্য অবশ্য রাশিয়া ইউরোপের পূর্ব সীমান্তে ন্যাটো জোটের সেনাসংখ্যা বাড়ানোকেই দায়ী করে। তবে ন্যাটোর ভাষ্য, ইউক্রেনের কাছ থেকে রাশিয়া ক্রিমিয়া ছিনিয়ে নেওয়ার পরিপ্রেক্ষিতে সেনাসংখ্যা বাড়ানো হয়েছে।

পশ্চিমা কর্তৃপক্ষ ও বিশ্লেষকদের ধারণা, জাপাড-১৭-তে এক লাখের মতো সেনা অংশ নেবে। তবে ন্যাটো জোটে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকসান্দার গ্রুসকো বলেছেন, আন্তর্জাতিক চুক্তির আওতায় এ ধরনের মহড়ায় ১৩ হাজারের বেশি সেনা অংশ নেওয়ার বিধান নেই।

মস্কোর এই ব্যাখ্যার পরিপ্রেক্ষিতে পাল্টা ব্যাখ্যাও দিয়েছেন পশ্চিমা বিশ্লেষকেরা। তাঁরা বলছেন, সেনাসংখ্যা ১৩ হাজারের নিচে রাখতে রাশিয়া হয়তো মহড়াটিকে কয়েকটি অংশে বিভক্ত করতে পারে।

এ ব্যাপারে হোয়াইটহল পেপারস রাশিয়াস নিউ গ্রাউন্ড ফোর্সেসের সহলেখক ইগর সুতিয়াগিন বলেন, ‘দুঃখজনকভাবে রাশিয়া যা বলে আপনারা (পশ্চিমা বিশ্ব) তা বিশ্বাস করতে পারেন না।’

প্রশান্ত মহাসাগরে রুশ বোমারু বিমান

রয়টার্স জানায়, প্রশান্ত মহাসাগর, জাপান সাগর, পীত সাগর ও পূর্ব চীন সাগরের ওপর দিয়ে পারমাণবিক বোমা বহনে সক্ষম রাশিয়ার কৌশলগত বোমারু বিমান উড়ে গেছে। গতকাল দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।