কয়েক শ কোটি ডলারের প্রতিরক্ষা চুক্তি হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মস্কোয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে প্রতিরক্ষা ও জ্বালানি সহযোগিতাসহ বেশ কিছু বিষয় নিয়ে বৈঠক হয়েছে। নয়াদিল্লি বা মস্কোর কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও ওই বৈঠকে দুই দেশের মধ্যে কয়েক শ কোটি ডলারের চুক্তি নিয়ে আলোচনা হয়েছে বলে সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে। খবর এএফপির।
দুই দিনের সফরে গত বুধবার নরেন্দ্র মোদি মস্কোয় পৌঁছান। ওই দিনই দুপুরের পর পুতিনের সঙ্গে তাঁর রুদ্ধদ্বার বৈঠক হয়। এরপর রুশ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন মোদি।
বুধবার সন্ধ্যায় পুতিন ও মোদি নৈশভোজের পাশাপাশি দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন। এ সময় দোভাষী ছাড়া সেখানে আর কেউ ছিলেন না। বৈঠকের পর মোদি টুইট করে বলেছেন, তাঁদের মধ্যে ‘ফলপ্রসূ’ আলোচনা হয়েছে।
সফরে যাওয়ার আগ মুহূর্তে নয়াদিল্লিতে মোদি বলেছিলেন, তিনি রাশিয়ার সঙ্গে ভারতের অর্থনৈতিক, জ্বালানি ও নিরাপত্তা ইস্যুতে সম্পর্ক জোরদারের লক্ষ্যে কাজ করছেন।
গণমাধ্যমের খবর অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার দুই দেশের মধ্যে সাত শ কোটি ডলারের চুক্তি হওয়ার কথা ছিল।
ভারতের রিলায়েন্স ডিফেন্স কোম্পানি গতকাল বলেছে, রাশিয়ার আলমাজ-আনতি কোম্পানির সঙ্গে তাদের ছয় শ কোটি ডলারের একটি চুক্তি হয়েছে। এই চুক্তির আওতায় তারা ভারতের সেনাবাহিনীর হয়ে ওই রুশ কোম্পানির কাছ থেকে প্রতিরক্ষাব্যবস্থা আমদানি করবে।