কয়েকজনকে ছুরিকাঘাতের পর গুলিতে আহত তিনি

ফিনল্যান্ডে একটি মার্কেটে উপর্যুপরি ছুরিকাঘাতে দুজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ছয়জন। পরে ওই হামলাকারীকে গুলি করেছে পুলিশ। আজ শুক্রবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর তুর্কুর একটি মার্কেটে এ ঘটনা ঘটেছে। বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়েছে।
পুলিশ জানায়, তুর্কু শহরের পুতরি স্কয়ারের একটি মার্কেটে এক ব্যক্তি হঠাৎ কয়েকজনকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন পুলিশ তার পায়ে গুলি করে আহত করে। পরে আহত অবস্থায় তাকে আটক করে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তুর্কু ইউনিভার্সিটি হাসপাতালের পরিচালক পেট্রি ভিরোলেইনেন সাংবাদিকদের জানান, তাদের হাসপাতালে আটজনকে আহত অবস্থায় আনা হয়। তাদের মধ্যে একজন মারা গেছে। পরে এক সংবাদ সম্মেলনে দ্বিতীয় আরেক ব্যক্তির মৃত্যুর কথা নিশ্চিত করে পুলিশ।
এ ঘটনার পর জনগণকে সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে। কেননা, আরও বড় ধরনের হামলার আশঙ্কা করছে পুলিশ। ফিনল্যান্ডের ওয়াইএলই টেলিভিশনের খবরে বলা হয়েছে, এ ঘটনায় কমপক্ষে দুজন গুরুতর আহত হয়েছে। তবে, স্থানীয় অন্যান্য গণমাধ্যম জানিয়েছে, আহতের সংখ্যা পাঁচ-ছয়জনের কম নয়। তুরুন সানোমাত পত্রিকা জানিয়েছে, ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স যেতে দেখা গেছে। পুলিশ বিভিন্ন গণপরিবহনে তল্লাশি চালিয়েছে।
দক্ষিণ-পশ্চিম ফিনল্যান্ডের পুলিশ স্থানীয় সময় বিকেল ৪টা ৪০ মিনিটে এক টুইট বার্তায় জানিয়েছে, সেন্ট্রাল তুর্কুতে বেশ কয়েকজন লোকের ওপর হামলা করেছে এক ব্যক্তি। লোকজনকে সিটি সেন্টার এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী জেসি ব্রাউন বিবিসিকে বলেন, ‘আমি দেখেছি পুলিশ এক ব্যক্তিকে গুলি করেছে। লোকজন ছুটে পালাচ্ছিল এবং ছুরির আক্রমণের কথা বলছিল। সম্ভবত একাধিক আক্রমণকারী ছিল।’
এ ঘটনার পর ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী জুহা সিপিলা জানিয়েছেন, সরকার বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ কমিশনারও জানিয়েছেন, তারা ঘটনাস্থল ও শহরে নজরদারি চালিয়ে যাচ্ছেন। শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রেল স্টেশন ও বিমানবন্দরে আর্মড পুলিশ মোতায়েন করা হয়েছে।