কয়েদিদের আইসক্রিম উপহার

পোপ ফ্রান্সিসকে প্রশংসা করেছে আইসক্রিম তৈরিকারক প্রতিষ্ঠানগুলো। আইসক্রিমের অনেক দোকানে টাঙানো হয়েছে পোপের ছবিছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশেষ কোনো দিন উপলক্ষে কারাগারে কয়েদিদের মধ্যে ভালো খাবার বিতরণ করার চল অনেক দেশেই আছে। কালেভদ্রে এ রকম খাবার পান তাঁরা। তবে তাঁদের আইসক্রিম উপহার দেওয়ার ঘটনা বিরল বটে। এমন ঘটনাই ঘটেছে ইতালির রোমে। দুটি কারাগারের কয়েদিদের জন্য ১৫ হাজার আইসক্রিম পাঠিয়েছেন রোমান ক্যাথলিকদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস।

পোপের দাতব্য কার্যালয় গত মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, যে দুটি কারাগারে আইসক্রিম পাঠানো হয়েছে, তার একটি খুব পুরোনো। অন্যটি সর্বাধুনিক। পুরোনো কারাগারটির নাম রেজিনা কোলি। এটি রোমের কেন্দ্রস্থলে টিবার রিভারের তীরে অবস্থিত। আধুনিক কারাগারটি নাম রেবিবিয়া। এর অবস্থান রোমের উপকণ্ঠে।

ইতালিতে গ্রীষ্মকাল চলছে। গত মাসে দেশটির সিসিলিতে ৪৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়, যা ইউরোপে এ পর্যন্ত সর্বোচ্চ। ফলে দেশটিতে প্রচণ্ড দাবদাহ বইছে। গরমে মানুষের হাঁসফাঁস অবস্থা। গরম থেকে বাঁচতে মানুষ ছুটছে ঠান্ডা–শীতল আশ্রয়স্থলে। কয়েদিদেরও খারাপ অবস্থা। সে কারণেই তাঁদের জন্য আইক্রিম পাঠানো হলো। পোপের কাছ থেকে আইক্রিম উপহার পেয়ে অনেক খুশি কয়েদিরাও।

পোপের দূত হিসেবে আইসক্রিমগুলো পাঠানো হয় পোলিশ কার্ডিনাল কনরাড ক্রাজিউস্কির নামে। ৫৭ বছর বয়সী ক্রাজিউস্কি সবচেয়ে কম বয়সী কার্ডিনালের একজন। ২০১৩ সালে পোপের দূত নির্বাচিত হওয়ার পর থেকে পোপের নির্দেশে তিনি বিশ্বের নানা প্রান্তে গরিব ও অসহায় লোকদের সহায়তা করে আসছেন। এ ছাড়া গৃহহীন ব্যক্তিদের জন্য চিকিৎসা, স্নানাগার ও শৌচাগার নির্মাণ করে দেওয়া হয়েছে। ব্যাপক দাতব্য কাজের জন্য পোপ ফ্রান্সিস ইতিমধ্যে বেশ সুনাম কুড়িয়েছেন।

পোপের দাতব্য কার্যালয় বিবৃতিতে আরও বলেছে, এ গ্রীষ্মকালেই দাতব্য কার্যক্রমের অংশ হিসেবে আফ্রিকার দেশ মাদাগাস্কারের স্বাস্থ্য খাতের জন্য চিকিৎসা সরঞ্জাম এবং আরও তিনটি দেশের চিকিৎসাসেবার উন্নতিতে ২০ লাখ ইউরো সহায়তা দিয়েছে তারা।