খারসনের দখল নেওয়া কেন রাশিয়ার জন্য এত গুরুত্বপূর্ণ
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, স্থানীয় সময় আজ বুধবার ইউক্রেনের খারসন শহরের দখল নিয়েছে তারা। তবে ইউক্রেনীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করা হয়নি। আজ সকালে শহরটির মেয়র ইগর কলিখায়েভ বলেছেন, শহর দখলের চেষ্টা করছে রুশ বাহিনী। দুই পক্ষের মধ্যে লড়াই চলছে বলেও জানান তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, খারসন দখলের এ দাবি যদি সত্যি হয়ে থাকে, তাহলে তা হবে রুশ বাহিনীর জন্য এক বড় বিজয়।
প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত রাশিয়া যেসব শহরের নিয়ন্ত্রণ নিয়েছে, তার মধ্যে খারসন সবচেয়ে বড় শহর। এখানে প্রায় তিন লাখ মানুষের বসবাস। কৌশলগতভাবে এ শহর রুশ সেনাবাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি হয়ে উঠতে পারে। খারসন শহরটি কৃষ্ণসাগরের গুরুত্বপূর্ণ বন্দর শহর এবং শিল্পকেন্দ্র।
খারসন শহরের নিয়ন্ত্রণ নেওয়ার মানে হলো দেশটির গুরুত্বপূর্ণ একটি পানির উৎসকেও নিয়ন্ত্রণ করা। রাশিয়া ক্রিমিয়া উপদ্বীপের দখল নেওয়ার পর ইউক্রেন নর্থ ক্রিমিয়ান খালে বাঁধ তৈরি করেছিল। এতে ক্রিমিয়ায় বিশুদ্ধ পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। অঞ্চলটিতে পানিসংকট দেখা দেয়।
ইউক্রেনে সামরিক অভিযানের ক্ষেত্রে রাশিয়ার মূল লক্ষ্যবস্তুগুলোর একটি খারসন। সেখানকার গুরুত্বপূর্ণ পানিপথকে উন্মুক্ত করা এবং ক্রিমিয়ায় আবারও পানি সরবরাহ চালু করা তাদের একটি প্রধান লক্ষ্য।