খুলে ফেলা হবে 'ভালোবাসার তালা'

ফ্রান্সের প্যারিসের বিখ্যাত ‘পঁ দে আটর্স’ সেতু থেকে প্রেমিক-প্রেমিকাদের ভালোবাসার প্রতীক হিসেবে লাগানো তালাগুলো খুলে ফেলা হবে। শ্যেন নদীর ওপরের এ সেতুটির রেলিং এ তালা মেরে চাবিটি নিচে ছুড়ে ফেলা প্রেমিক-প্রেমিকাদের জন্য রেওয়াজে পরিণত হয়েছিল। তাদের ধারণা এতে ভালবাসা অটুট থাকে।

২০০৮ সালে শেষ দিকে এ রীতির শুরু। কিন্তু গত বছর তালার অতিরিক্ত ওজনে সেতুটির একটি অংশ দেবে যায়। প্যারিসের কর্মকর্তারা জানান, নিরাপত্তার স্বার্থে আগামীকাল সোমবার থেকে সেতুতে লাগানো তালাগুলো খুলে ফেলা হবে। সেতুটিতে প্রায় দশ লাখের মতো তালা লাগানো রয়েছে, এগুলোর ওজন প্রায় ৪৫ টন। এ সেতু ছাড়াও প্যারিসের নটর ডেম ক্যাথিড্রালের নিকটবর্তী ‘পঁ দে আরশেভেচ’ সেতুতে লাগানো তালাও খুলে ফেলা হবে।
প্যারিসের সহকারী মেয়র ব্রুনো জুলিয়ার্ড বলেন, ‘আমরা চাই প্যারিস ভালোবাসা ও রোমান্সের নগরীই থাকুক।’ তিনি প্রেমিকা-প্রেমিকাদের ভালোবাসার প্রকাশে নতুন কোনো উদ্যোগের জন্য উৎসাহ দেওয়ার কথাও বলেন। তবে গত বছর তালা লাগানোর পরিবর্তে সেলফি তুলে ভালোবাসার প্রকাশ করতে প্রচারণা চালানো হয়েছিল। তবে তা কাজে আসেনি।

শুক্রবার প্যারিসের কর্মকর্তারা যে বিবৃতি দিয়েছেন তাতে তালা লাগানোর কারণে তৈরি দুটি সমস্যার কথা বলা হয়। এর একটি হলো গুরুত্বপূর্ণ স্থাপনার ক্ষতি হওয়া, অন্যটি দর্শনার্থীদের নিরাপত্তার আশঙ্কা। এর আগে ইতালির ভেনিসের রিয়ালতো সেতুতে পর্যটকদের তালা লাগানো থেকে বিরত রাখতে কর্তৃপক্ষকে বেগ পেতে হয়েছিল। আর সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিন সেতু থেকে তালা সরাতেও প্রচারণা চালানো হয়েছে।
আরও পড়ুন: