গণভোটে গ্রিস পার্লামেন্টের সম্মতি
দাতাদের দেওয়া আর্থিক পুনরুদ্ধার প্রস্তাবে (বেইল আউট) ৫ জুলাইয়ের গণভোট অনুমোদন করেছে গ্রিসের পার্লামেন্ট। গ্রিসের প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস গত শনিবার এই গণভোটের ডাক দেন। খবর বিবিসির।
গতকাল রোববার সকালে পার্লামেন্টে ১৭৯ সদস্যের ‘হ্যাঁ’ ভোটে এ গণভোট অনুমোদন পায়। পার্লামেন্টে মোট সদস্যসংখ্যা ৩০০। গত শনিবার এ গণভোট আহ্বান করে প্রধানমন্ত্রী সিপ্রাস গ্রিসের জনগণের কাছে দাতাদের প্রস্তাব প্রত্যাখ্যানের আহ্বান জানান। ৩০ জুনের মধ্যে গ্রিসকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ১৬০ কোটি ইউরো ঋণ পরিশোধ করতে হবে। গত শনিবার সন্ধ্যায় ব্রাসেলসে অনুষ্ঠিত ইউরোজোনের অর্থমন্ত্রীদের বৈঠকে এই ঋণ শোধের মেয়াদ বাড়ানোর প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়। এই প্রথম গ্রিসকে ছাড়া ইউরোজোনের ওই বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে গ্রিসের সরকার অধিকতর সংস্কারের শর্ত দিয়ে দাতাদের দেওয়া ঋণ পরিশোধের মেয়াদ পাঁচ মাস বাড়ানোর প্রস্তাব প্রত্যাখ্যান করে। এরপরই অর্থমন্ত্রীদের বৈঠকে গ্রিসের প্রস্তাব প্রত্যাখ্যান করে বলা হয়, গ্রিস এককভাবে ঋণ পুনরুদ্ধারের নতুন প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
তবে গণভোটের ঘোষণার সমালোচনা করেছে ইউরোজোনের দেশগুলো। আইএমএফের প্রধান ক্রিস্টিন লাগার্দে বলেন, গ্রিসের কাছে ইউরোপের দেওয়া সংস্কার প্রস্তাবের মেয়াদ শেষ হচ্ছে ৫ জুলাই। এই প্রস্তাব-সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে গণভোট তাই অর্থহীন।